
শেষ আপডেট: 8 August 2022 11:47
দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে বি-টাউনে কান পাতা দায়। বলিউড ঘনিষ্ঠ সকলেই জানেন, নিজের পছন্দের লোকজন ছাড়া কারণ জোহর (Karan Johar) আর কারও সঙ্গে তেমন সুসম্পর্ক রাখেন না। করণের এই ‘গুডলিস্টে’ নেই বলিউডের অনেক তারকাই। সম্প্রতি তাপসী পান্নুর (Taapsee Pannu) মন্তব্যে আরও একবার সেই বিতর্কই যেন উস্কে গেল।
তাপসী পান্নুর আগামী ছবি ‘দোবারা’ খুব শিগগিরই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তার আগে ছবির প্রমোশন করে বেড়াচ্ছেন অভিনেত্রী। তেমনই এক অনুষ্ঠানে এক সাংবাদিক তাপসীকে প্রশ্ন করেন, কেন কখনও ‘কফি উইথ করণ’-এ (Coffee With Karan) ডাক পাননি তাপসী?
তাপসী হেসে হেসেই জবাব দেন। কিন্তু সে জবাবে যে তীক্ষ্ণ ব্যঙ্গ বিঁধে ছিল তা কারও নজর এড়ায়নি। তিনি বলেন, ‘আমার সেক্স লাইফ তেমন আকর্ষণীয় নয়, তাই হয়তো আমাকে ওখানে ডাকা হয় না।’
উল্লেখ্য, করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ একটি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন শো। সেখানে বলিউডের তাবড় তারকাকে আমন্ত্রণ জানানো হয়, করণ জোহর তাঁদের সঙ্গে গল্পগুজব করেন। হাঁড়ির খবর জানতে সেই শোয়ের পর্দায় চোখ রাখেন অনুরাগীরা। কিছুদিন আগে করণের এই শো-তেই এসেছিলেন করিনা কাপুর খান এবং আমির খান।
করিনাকে তাঁর সেক্স লাইভ বা যৌন জীবন নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। বাচ্চা হওয়ার পর কেমন কাটবে বেবোর যৌন জীবন, জানতে চান করণ। উত্তরে করিনা বলেন, তাঁরও সন্তান আছে, তিনি ভালই জানবেন সন্তান জন্মের পর সেক্স লাইফ কেমন কাটে।
বেবোর উত্তর শুনে লজ্জা পেয়ে করণ বলেন তাঁর মা এই শো দেখছেন। তখনই পাশ থেকে আমির খান বলে ওঠেন, অন্যের যৌন জীবন নিয়ে প্রশ্ন করলে করণের মায়ের আপত্তি নেই?
তাপসীর উত্তরে সেদিনের এপিসোডের ছায়া ছিল বলেই মত অনেকের। অনেকে বলছেন, বলিউডে করণ জোহরের ‘গুডবুকে’ নেই তাপসী। তাই হয়তো ‘কফি উইথ করণ’-এ তিনি ডাক পান না। সেই স্বজনপোষণকেই মজার ছলে ঠুকতে চেয়েছেন পর্দার মিতালি রাজ।
আরও পড়ুন: ভক্তের সেলফির আবদারে বিরক্ত কিং খান, মুম্বই বিমানবন্দরে বাবাকে সামলাতে এগিয়ে এল আরিয়ান