
শেষ আপডেট: 15 July 2022 16:38
দ্য ওয়াল ব্যুরো: টলিউডে 'বড়' প্রযোজনা সংস্থার বিরুদ্ধে লবিবাজির অভিযোগ দীর্ঘদিনের। নিজেদের জোর খাটিয়ে সিনেমাহল থেকে উঠতি প্রযোজক-পরিচালকদের ছবি সরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। এবার ফের সেই একই পরিস্থিতির সম্মুখীন হল কান সিংহ সোধা প্রযোজিত অর্জুন দত্তের নতুন সিনেমা। সোশ্যাল মিডিয়ায় সেই 'বড়' হাউজের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ছবির প্রধান চরিত্র 'শ্রীমতী' স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
শুক্রবার রাতে ফেসবুক পোস্টে রীতিমত বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা (Swastika Mukherjee)। লিখলেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কীভাবে করবে? ডিস্ট্রিবিউটর যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে। নতুন প্রোডিউসার হলে তাঁকে কোনওরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাঁকে পাত্তা দেওয়ার দরকারই নেই। আর নারীকেন্দ্রিক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়।'
‘বিয়েও করিনি, আংটিও পরিনি, কেবল ভালবাসায় ঘিরে আছি!’ ললিত-পর্বের পরে পোস্ট সুস্মিতার
এখানেই থামেননি স্বস্তিকা। সরাসরি তোপ দাগেন টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা এসভিএফের বিরুদ্ধেও। শ্রীমতী বলেছেন, আমাদের ছবির ডিস্ট্রিবিউটর এসভিএফ। শুক্রবার তাদের নিজেদের প্রযোজিত ছবি হলে আসতেই সব ভাল শো সেই সিনেমাকে পাইয়ে দেওয়া হল। এটাই হয়ে এসেছে, এটাই হবে।

এভাবে সরাসরি ইন্ডাস্ট্রির বড় প্রযোজনা সংস্থাকে লক্ষ্য করে ফেসবুকে মন্তব্য! কাজ হারানোর ভয় পান না তিনি? উত্তর জানতে এদিন দ্য ওয়ালের তরফে অভিনেতার (Swastika Mukherjee) সঙ্গে যোগাযোগ করা হয়। জবাব দিতে বিন্দুমাত্র সময় নেননি শ্রীমতী। সরাসরি বলেন, '২২ বছর ধরেই আমি মন্তব্য করে যাচ্ছি। এটা নতুন কিছু না।'
শুক্রবার রাতে এই ফেসবুক পোস্টের প্রতিটি ছত্রে ফুটে উঠেছে স্বস্তিকার (Swastika Mukherjee) আক্ষেপ। বাংলা ছবির প্রধান দর্শক যাঁরা, সেই যুবসমাজ আর মা-কাকিমাদের উদ্দেশে তাঁর বার্তা, 'যাক, আপনাদের আর আপিস কামাই করে আর মা-মাসি-দিদাদের সব কাজ ফেলে রেখে দুপুরবেলা শ্রীমতি দেখতে যেতে হবে না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে। ব্যস! বাংলা ছবিকে এইভাবেই বাংলা ছবির ডিস্ট্রিবিউটররা সাপোর্ট করবে।' সবশেষে বাংলা ছবির দর্শকদের থেকে আরও ভাল কাজ করার আশীর্বাদও চেয়ে নিয়েছেন তিনি।