
শেষ আপডেট: 24 March 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: দোলের আগেই বৃন্দাবনের বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে।
সদ্য রাজনীতিকে বিদায় জানিয়ে শুক্রবার বৃন্দাবনে পাড়ি দিয়েছেন মিমি। সেখানে গিয়েই আগাম বসন্ত উৎসবে মেতে উঠলেন টলিউড অভিনেত্রী । পাশাপাশি তীর্থ নগরীতে দেখা মিলেছে আর এক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকাকে। ২০২৩ সালেও তাঁকে দেখা গিয়েছিল বৃন্দাবনের বসন্ত উৎসবে।
বছরের শুরুতেই টলিউড অভিনেত্রী মিমি বেনারস ভ্রমণে গিয়েছিলেন। তাঁকে দেখা গিয়েছিল প্রাচীন শহরের ঘাট, মন্দির ও গঙ্গারতির জমায়েতে। এবার দোলের আগে বৃন্দাবনের আলিতে গলিতে দেখা মিলছে তাঁর। তিনি বেশ কিছু ছবি-ভিডিও পোস্ট করেছেন তাঁর নিজের সোশাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রীকে দেখা গেল কখনও গঙ্গার বুকে প্রদীপ ভাসাতে। আবার দেখা গেল ‘রাধে রাধে’ উচ্চারণ করে কৃষ্ণের আরাধনায় মগ্ন হতে। অভিনেত্রীর পরনে ছিল চুড়িদার ও গলায় বৃন্দাবনের পবিত্র হলুদ উত্তরীয়। তাঁর কপালে ও দুই গালে হলুদ আবিরে লেখা ‘রাধে রাধে’। মিমি তাঁর সকল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
সারা গায়ে রঙ মাখামাখি অবস্থায় আর এক তারকা তথা অভিনেত্রীকে দেখা গেল। পরনে শাড়ি, সঙ্গে মানানসই গয়নায় উজ্জ্বল স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও তিনি এখনও নিজের সমাজ মাধ্যমে তাঁর রঙিন রূপের ছবি শেয়ার করেননি। কিন্তু তিনি তাঁর সমাজ মাধ্যমের স্টোরিতে একাধিক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাছে তিনি তাঁর বন্ধুদের সাথে দোল খেলায় মত্ত। স্বস্তিকাকে সেই ছোট ছোট ভিডিও ক্লিপে নাচতেও দেখা গিয়েছে। সুতরাং দুই অভিনেত্রীই যে বৃন্দাবন চুটিয়ে দোল উৎসব উদযাপন করছেন সেটা তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।