
বিদুলা ভট্টাচার্য, বিচারপতি অমৃতা সিনহা, স্বরূপ বিশ্বাস
শেষ আপডেট: 20 March 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: আজ সকালে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সদস্য পরিচালক বিদুলা ভট্টাচার্য হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। ইনডিপেনডেন্ট পরিচালক বিদুলা ‘দ্য ওয়াল’কে বলেন, ‘আমি ফেডারেশনের বেশ কিছু নিয়মের বিরুদ্ধে। পরিবর্তন আনতে বহুবার কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাও হয়নি। আমি একজন ইনডিপেনডেন্ট ফিল্মমেকার। আমার পিছনে বড় প্রযোজক থাকে না। তা বলে, ছোট ক্রু, পছন্দসই কলাকুশলীদের নিয়ে কাজ করতে পারব না? আমার মতো পরিচালকদের উপর বলপূর্বক লোকজন চাপানো হতে পারে না। এ সবের বিরুদ্ধেই আমি হাইকোর্টে পিটিশন ফাইল করি।
প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) নেতৃত্বে পরিচালিত ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) এবং পরিচালকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ। ২০২৪ সালের জুলাই মাসে কাজ বন্ধের ডাক দেওয়া হয়, যা মাননীয় মুখ্যমন্ত্রী এবং কিছু প্রবীণ অভিনেতা-পরিচালকদের মধ্যে একটি বৈঠকের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস। বৈঠকে একটি কমিটি গঠনের ঘোষণাও করা হয়। ঠিক হয় এই কমিটি স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে এবং FCTWEI-এর পরিচালনা পদ্ধতি যাচাই করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। ওও সিদ্ধান্ত নেওয়া হয় যে FCTWEI, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বা কোনওরকম অসহযোগিতায় জড়াবে না। ২০২৪ সালের নভেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে, সেই বৈঠকের পর পেরিয়েছে বেশ কয়েক মাস। কিন্তু কোনও কমিটি এখনও পর্যন্ত গঠিত হয়নি। অভিযোগ ওঠে FCTWEI-এর হস্তক্ষেপ অব্যাহত আজও। অভিযোগ ফেডারেশন, পরিচালক এবং চলচ্চিত্র কর্মীদের সুষ্ঠুভাবে কাজ করতে বাধা দিয়ে চলেছে।
গোটা বিষয়টিকে কেন্দ্র করে আজ WPA নং ৩০৮৯-এর রিট পিটিশনের দাখিল করেন বিদুলা ভট্টাচার্য (Bidula bhattacharjee)। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা শুনানিও করেন। বৃহস্পতিবার মাননীয় বিচারপতি, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্দেশে নির্দেশ দিয়েছেন,পরিচালক বিদুলাকে যেন কোনও ভাবে তাঁর কাজে বাধা দেওয়া না হয়। এছাড়াও শুনানি চলাকালীন, রাজ্য স্বীকার করে যে কোনও কমিটি গঠন করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে আদালত রাজ্য কর্তৃপক্ষকে FCTWEI-এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা কোর্টের সামনে উপস্থাপন করতেও নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী ৩ এপ্রিল।
‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় পরিচালক বিদুলার সঙ্গে, তিনি বলেন, ‘আমি খুশি শুনানিতে। আমি আশা করি এই রায়, আমার মতো ইনডিপেনডেন্ট ফিল্মমেকারদের আরও একটু সাহস জোগাবে’। গোটা বিষয় নিয়ে ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে, তিনি ফোন ধরেননি।