
‘ছাবা’
শেষ আপডেট: 19 February 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছেন দর্শকেরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একাধিক ভিডিও। তবে এই বিষয়টিতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর মতে, সমাজের মানসিক ও নৈতিক অবক্ষয় ঘটেছে। ভিকির ছবিকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনাও তুলে এনেছেন তিনি।
‘ছাবা’ ছবিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত, যেখানে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি রাজের জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। রশ্মিকা মন্দানা মহারানি যেশুবাইয়ের ভূমিকায় এবং অক্ষয় খন্না অভিনয় করেছেন ঔরঙ্গজেবের চরিত্রে। শিবাজি সাওয়ান্তের মরাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে মুঘল বাহিনী সম্ভাজির উপর অমানুষিক অত্যাচার চালিয়েছিল।
ছবির দাবি অনুযায়ী, সম্ভাজিকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেন ঔরঙ্গজেব। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় নির্মমভাবে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছবিটির এমন উপস্থাপনা দেখে অনেক দর্শকের চোখে জল এসেছে। তাঁদের আবেগঘন প্রতিক্রিয়া দেখে ক্ষুব্ধ হয়েছেন স্বরা ভাস্কর।
তিনি এক্স-এ লেখেন, 'সারা বিশ্বেই ঘৃণা ও গোঁড়ামি স্বাভাবিক হয়ে উঠছে। সমাজমাধ্যমে একে দেশপ্রেম বলা হচ্ছে। যে সমাজ ৫০০ বছর আগের ঘটনাকে আংশিক কাল্পনিক রূপ দেখে এতটাই ক্ষুব্ধ হয়, অথচ সদ্য ঘটে যাওয়া পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে নীরব থাকে, সেই সমাজের নৈতিক ও মানসিক মৃত্যু ঘটেছে।'
সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি, কুম্ভ থেকে ফেরার পথে দিল্লি স্টেশনেও পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনা তুলে ধরে স্বরা সমাজের নির্লিপ্ততার প্রতি তীব্র সমালোচনা করেছেন। তবে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, স্বরা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন।