
svf
শেষ আপডেট: 4 March 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: ৪ মার্চ এসভিএফ আনল নতুন চমক। প্রোডাকশন হাউজের সোশ্যাল মিডিয়ায় জানানো হল এসভিএফ-এ আসতে চলেছে চারজন পরিচালকের একসঙ্গে চার চারটি সিনেমা। পরিচালকদের নাম জয়দীপ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য ও সৃজিত মুখোপাধ্যায়।
কী ধরনের গল্প নিয়ে চারটে ছবি তৈরি হবে সেটা নিয়ে এখনও স্পষ্টভাবে কেউ কিছু বলেননি। তবে জানা যায়, সৃজিত মুখোপাধ্যায় '১২ অ্যাংরি ম্যান' হলিউড ছবির রিমেক বানাতে চলেছে। ৯টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ছবির বাংলা রিমেকে দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রমুখের। একটি চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকেও।
অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায় একেন বাবুর আরও একটি ভাগ আনতে চলেছেন। সেটার শুটিং সম্ভবত রাশিয়াতে হবে। কিছুদিন পর পরিচালক ও তাঁর টিম রাশিয়াতে রেকি করতে যাবেন।
'ইন্দুবালা ভাতের হোটেল'-এর সাফল্যের পর আরও একবার দেবালয় ভট্টাচার্য শুভশ্রীর সঙ্গে কাজ করতে চলেছেন। সিনেমার বিষয় নিয়ে এখনও কোনও কথা দেবালয় জানাননি। তবে শোনা যাচ্ছে কোনও ভয়ের ছবি তৈরি করবেন।
অন্যদিকে রাজ চক্রবর্তী আনতে চলেছেন একদম পারিবারিক একটি ছবি। শোনা যাচ্ছে সেখানে থাকতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও শুভশ্রী ।