
শেষ আপডেট: 28 August 2023 12:42
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ১৯ বছর আগে পর্দায় ছাত্র শিক্ষিকার প্রেম দেখেছিল বলিউড। সুস্মিতা শাহরুখের সেই ছবি 'ম্যায় হু না' আজও পুরনো হয়নি দর্শকদের কাছে। এখনও সেই ছবির বিভিন্ন দৃশ্য থেকে গান বারবার শেয়ার করেন নেটিজেনরা। 'ম্যায় হু না'র সিকুয়েল হোক অনেকবারই চেয়েছেন নেটিজেনরা। তবে সে আশা পূরণ হয়নি। এবার জানা গেল, শুধু অনুরাগীরা নন, স্বয়ং সুস্মিতাই চান কেরিয়ারের শুরুর দিকে তাঁর অন্যতম আলোচিত ছবি 'ম্যায় হু না'র সিকুয়েল (main hoon na sequel) বানানো হোক।
প্রসঙ্গত, সুস্মিতার অভিনীত 'তালি' এই সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সেই ছবিতে রূপান্তরকামী গৌরী সাবন্তের চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। ছবিতে তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। তবে এবার ফের তিনি ম্যায় হু না-র মতোই গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করতে চান, নিজেই জানালেন সুস্মিতা।
অভিনেত্রীর কথায়, 'আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ম্যায় হু না-র সিকুয়েল হবে কিনা, আমি তাঁদের বলি ফারহাকে (পরিচালক ফারহা খান) জিজ্ঞেস করো।' অর্থাৎ এ প্রসঙ্গে পরিচালক ফারহার কোর্টেই বল ঠেলে দিলেন অভিনেত্রী। এদিন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, দ্বিতীয় ইনিংস বা অন্য ধরনের চরিত্র মানেই সবসময়ে তা গ্ল্যামারবিহীন হবে এমন নয়। বরং এই দ্বিতীয় ইনিংসে আমি আরও বেশি করে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করতে চাই। বহুদিন হল এমন চরিত্রে অভিনয় করিনি।
প্রসঙ্গত, ম্যায় হু না ছবিতে সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আপাতত তিনি ব্যস্ত 'জওয়ান' ছবির প্রচারে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। এরপর ফের সুস্মিতা-শাহরুখকে পর্দায় 'ম্যায় হু না'-র সিকুয়েলে দেখা যাবে কিনা তা সময়ই বলবে, তবে অভিনেত্রীর এই ইচ্ছা যেন আরও একটু উস্কে দিল দর্শকদের চাহিদাকেও।
ভাইকে প্রতিবছর রাখি পরান, খেয়াল করেছেন থালায় কী কী জিনিস রাখতে হয়