
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান মানেই চমক এবং নতুনত্বের ছোঁয়া। তাঁর স্টাইলের ধারে কাছে পৌঁছাতে পারেন এমন অভিনেতা হাতে গোনা। চুলের স্টাইল হোক বা কায়দা করে হাঁটা, ভাইজান এখনও কোনও অ্যাওয়ার্ড শো-তে পা রাখলে তাঁর দিকেইই নজর যায় সবার। ভাইজানের ভক্ত শুধুমাত্র সাধারণ মানুষ নন, তাবড় সেলিব্রিটিরাও। আজ তাঁর জন্মদিন।
সম্প্রতি বঙ্গতনয়া এবং মিস ইউনিভার্স সুস্মিতা সেন সলমন খান সম্পর্কিত একটি মজার ঘটনা শেয়ার করেছেন। সলমনের জন্মদিনে সেই ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। তিনি জানিয়েছেন, সলমনকে তিনি ঠিক কতটা ভালবাসেন। ১৯৯৯ সালে ‘বিবি নং ১’-এ সলমনের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা। তবে সলমনের প্রতি তাঁর আকর্ষণ কৈশোর থেকেই ছিল।
বিশেষ করে, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তির পর তাঁর এই অনুভূতি আরও গভীর হয়। শিপ্রা নীরজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানান, একসময় তাঁর পকেট মানির বেশিরভাগটাই খরচ হত সলমন খানের পোস্টার কিনতে। এমনকি, বাড়ি সাজানোর সময় তিনি নিশ্চিত করতেন যে, পরিবারের কেউ যেন পোস্টারগুলো ফেলে না দেয়।
সুস্মিতা সেন এক সাক্ষাৎকারে জানান, ‘আমি পকেট মানি দিয়ে সলমনের পোস্টার কিনতাম। তখন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। সেই ছবির একটি পায়রার ছবি পর্যন্ত আমার কাছে ছিল, কারণ সলমন খান সেই পায়রাকে ছুঁয়েছিলেন।’ এমনকি, সুস্মিতার বাবা-মা তাঁকে ভয় দেখাতেন যে, সময়মতো হোমওয়ার্ক না করলে পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন। তাই তিনি তার সঙ্গে সঙ্গে পড়াশোনার দিকেও নজর রাখতেন।
সুস্মিতা বলেন, ‘আমি সলমন খানের প্রেমে পড়ে গিয়েছিলাম।’ ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির দারুণ সাফল্যের পর সলমন খান রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। বহু বছর পর ‘বিবি নং ১’-এর সেটে সুস্মিতার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেখান থেকে শুরু হয় তাঁদের বন্ধুত্ব। এমনকি বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা সলমনকে তাঁর পুরনো অনুভূতির কথাও জানিয়েছিলেন। তবে সব সময়ই ভাইজান তাঁকে বন্ধু বলেই ভেবেছেন। তাই সেভাবে প্রেমটা তাঁদের মধ্যে হয়নি।