
শেষ আপডেট: 8 March 2023 06:27
দ্য ওয়াল ব্যুরো: অ্যাঞ্জিয়োপ্লাস্টির পর সাতদিনের বিশ্রাম শেষে ফের জিমে ফিরলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)। গত ২ মার্চ হৃদরোগে আক্রান্ত (heart attack) হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এই খবর শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। তবে আপাতত সুস্থ আছেন তিনি। শরীরচর্চা (working out) শুরু করে যেন এই বার্তাই সবাইকে দিলেন সুস্মিতা।
অনুরাগীদের যাবতীয় উৎকণ্ঠা দূর করে সুস্মিতা সেন স্পষ্ট জানান, "আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছি। আবার শরীরচর্চা শুরুর অনুমতি দিয়েছেন আমার চিকিৎসক। প্রথমদিন স্ট্রেচিং শুরু করলাম। কী দারুণ অনুভূতি।" বুধবার সকালে সামাজিক মাধ্যমে সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতেই শরীরচর্চা করছেন অভিনেত্রী।
গত ২ মার্চ সুস্মিতা বলেন, কিছুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিপদ বুঝে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসায় হৃদরোগ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বসানো হয় স্টেন্টও। অভিনেত্রীর থেকে এই কথা শুনে স্বভাবতই বিচলিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে সবাইকে আশ্বস্ত করে সুস্মিতা সেদিন এও জানান যে এখন তিনি সুস্থ আছেন। তবে ডাক্তারদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন।
সূত্রের খবর, গত মাসের ২৭ তারিখ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেইদিনই অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে মার্চের ১ তারিখ ছেড়েও দেওয়া হয়। এরপর দিনই নিজের হৃদরোগ সম্পর্কিত তথ্য সামাজিক মাধ্যমে জানান অভিনেত্রী।
সুস্মিতা সেন শ্যুটিংয়ে ফিরছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেমন আছেন মিস ইউনিভার্স!