
শেষ আপডেট: 22 November 2023 19:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২২-এ হঠাৎই একটি দু’টি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন একসঙ্গে সমুদ্র পাড়ে সময় কাটাচ্ছেন। এরপর থেকেই জল্পনা ছড়ায়, তাঁরা দু’জন কি প্রেম করছেন? এই প্রশ্নের সঠিক উত্তর আজও মেলেনি ঠিকই, তবে ললিত বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিনই সেভাবে লুকোছাপা করেননি।
এমনও শোনা গিয়েছিল, সুস্মিতা ও ললিত মোদী নাকি গোপনে বিয়েও করে ফেলেছেন। এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর কাছে জানতে চাওয়া হয় যে, তিনি কি সত্যিই ললিতকে বিয়ে করতে চেয়েছিলেন? জবাবে সুস্মিতা বলেন, “যদি আমি কাউকে বিয়ে করতে চাই, তাহলে তাঁকেই বিয়ে করব। আমি যা করব ভাবি সেটা করি। আর না করার হলে কেউ বললেও করি না।”
মাসকয়েক আগে শ্যুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। আপাতত সেই অসুস্থতা সারিয়ে কাজে ফিরেছেন। সম্প্রতি ‘আর্য ৩’-র কাজ শেষ করেছেন। সেই সিরিজেরই প্রচারে তাঁকে ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। প্রসঙ্গত, ললিতের পোস্ট করা দু’জনের ছবি নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, তখনও হেঁয়ালি করে সুস্মিতা বলেছিলেন তাঁর আঙুলে কোনও আংটি নেই।
প্রসঙ্গত, সুস্মিতা সেনকে সম্প্রতি তাঁর প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে দেখা গিয়েছিল। যদিও এই সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি অভিনেত্রী। তবে মাঝে জল্পনা ছড়িয়েছিল যে রহমানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু ফের দু’জনকে একসঙ্গে দেখা যেতে বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁরা আবার এক হয়েছেন। এমনকী খুব শীঘ্রই বিয়েও করতে পারেন। কিন্তু সুস্মিতা এবারও নীরব।