দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নতুন রহস্য! রবিবার সকালের দুঃসংবাদ যখন সারা দেশের অসংখ্য মানুষকে কার্যত স্তম্ভিত করে দিয়েছে, বলিউড তারকারা শোকাচ্ছন্ন, পাটনার বাড়িতে মানুষের ভিড়, ভক্তদের শোকবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া, তখনই এক বিস্ফোরক দাবি করে বসলেন সুশান্ত সিংয়ের মামা! তাঁর দাবি, ''সুশান্ত আত্মহত্যা করেনি। ওঁকে মেরে ফেলা হয়েছে। আমরা চাই সিবিআই তদন্ত করা হোক।"
রবিবার সকালে বেডরুমের ভেতর থেকে সুশান্তের কোনও সাড়া না মেলায় বেলা ১২টা নাগাদ তালাওয়ালা ডেকে যখন দরজা খোলা হয়, দেখা যায় নিজের কুর্তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে সুশান্তের দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা দেহ নামিয়ে ফেলেন। পুলিশ জানিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের দেহ তার আগেই নিথর হয়ে গিয়েছিল। পুলিশ ও ডাক্তাররা এসে জানান, অভিনেতার মৃত্যু হয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। কিন্তু পুলিশের দাবি খারিজ করে দিয়ে সুশান্তের মামা এদিন বলেন, বলিউড অভিনেতাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। সেই কারণেই সিবিআই তদন্তের দাবি করেন সুশান্ত সিং রাজপুতের মামা। তবে কার ওপর তাঁর সন্দেহ, কেনই বা কেউ খুন করতে পারে তাঁর ভাগ্নেকে-- এবিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। কিন্তু তাঁর দাবি, এটা কিছুতেই আত্মহত্যার ঘটনা নয়, সুশান্ত এমনটা করতেই পারেন না।
সুশান্তের মামার এই অভিযোগের পাশাপাশি, সুশান্তের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় রহস্য আরও বেড়ে গিয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গত ছ'মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। চিকিৎসাও চলছিল, ঘরে মিলেছে ওষুধও। তবে তাঁর হাতে এখন ছবির অফার ছিল। কেরিয়ারে সমস্যা ছিল না বলেই মনে হয়।
তাই আপাত ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও তদন্ত শুরু হয়েছে। কেন এই চরম পথ তিনি বেছে নিয়েছেন তা খতিয়ে দেখতে সুশান্তের ব্যক্তিগত জীবন ও আর্থিক বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তা ছাড়া শেষ কয়েক ঘণ্টায় ও গত কয়েক দিনে তিনি কাদের ফোন করেছেন বা মেসেজ করেছেন তাও তদন্ত করে দেখা হবে। গত কাল মধ্য রাতে সুশান্ত তাঁর এক অভিনেতা বন্ধুকে ফোনও করেছিলেন। তবে দেখা গিয়েছে, ওই অভিনেতা বন্ধুর ফোন বেজে গিয়েছিল। তিনি ফোন তোলেননি।
পরিচিতরাও বলছেন, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই তরুণ অভিনেতা। একটি বেসরকারি হাসপাতালে ৬ মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল। মুম্বই পুলিশের জোন ৯-এর ডিসি অভিষেক ত্রিমুখে জানিয়েছেন, ফ্ল্যাটের মধ্যে এখনও কোনও অস্ত্র বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই কোনও রকম ষড়যন্ত্র বা সে ধরনের কিছুর ইঙ্গিত এখনও মেলেনি। তবে সেটা একেবারেই প্রাথমিক পর্যবেক্ষণ। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।
উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগেই আত্মহত্যা করেছেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। গত ৮ জুন মালাডের একটি বহুতলের ১৪ তলা থেকে ঝাঁপ দেন তিনি। বোরিভলির একটি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে মৃত ঘোষনা করা হয়। দিশার আত্মহত্যারও কারণ জানা যায়নি।
সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টের জন্যই অপেক্ষা করছে পুলিশ। অন্যদিকে পাটনার বাড়িতে ছেলের মৃত্যুসংবাদে অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। পাটনার রাজীব নগর কলোনিতে থাকেন তিনি। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে সুশান্তের দেহ, আজ শেষকৃত্য অনুষ্ঠিত হবে সেখানেই।