দ্য ওয়াল ব্যুরো: ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে আরও অনেক ছবির মতোই থমকে গেছিল ছবিটির মুক্তি। এই ছবি মুক্তি পেলে হয়তো সবকিছুই অন্যরকম হতে পারত, এমনটাই মনে করছে বলিউড। কারণ ১৪ জুন অবসাদের জেরে নিজেকে শেষ করে দিয়েছেন এই ছবিরই নায়ক সুশান্ত সিং রাজপুত। মৃত্যু ১১ দিন পরেও যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা অব্যাহত। সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে। তবে বড় পর্দায় নয়। ডিজিট্যাল প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্তের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'।
জন গ্রিনের লেখা, 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'দিল বেচারা' ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। এতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও দেখা যাবে সঞ্জনা সঙ্ঘী, সইফ আলি খান, বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে আজ টুইটও করেছেন ছবি মুক্তির কথা। ছবির মুক্তির কথা পোস্ট করেছে ডিজনি হটস্টারও। তাদের তরফে লেখা হয়েছে, ''এটি ভালবাসা, আশা ও অনন্ত স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের চিরকাল মনে থাকবে।''
https://twitter.com/DisneyplusHSP/status/1276078646399139842
পরিচালক মুকেশ ছাবরা এই ছবির মুক্তির প্রসঙ্গে বলেন, ''সুশান্ত আমার প্রথম ছবির নায়ক। কিন্তু ও আমার অনেক দিনের বন্ধু। ওর প্রথম ছবি, সেই 'কাই পো ছে'র সময় থেকে আমাদের বন্ধুত্ব। ও আমার কথা দিয়েছিল, আমার প্রথম ছবিতে ও থাকবে। ছিলও। আমরা কত স্বপ্ন দেখেছিলাম। কখনও ভাবিনি, এই ছবিটার মুক্তি ওর দেখা হবে না!''
সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ছিঁছোড়ে’। সেটিও প্রশংসিত হয়েছিল বলতে গেলে, সুশান্তের সব ছবিই ভালবাসা পেয়েছিল দর্শকদের। কিন্তু ছিঁছোড়ে-র পরে আর একটি মাত্র ছবি করেছিলেন সুশান্ত। ‘দিল বেচারা’। এই ছবি নিয়েও উৎসাহের অন্ত ছিল না অনুরাগীদের। কিন্তু সমস্তটাই বেদনায় ছেয়ে গেছে। তবু অনেকের আশা ছিল, প্রিয় নায়কের শেষ ছবিটি বড় পর্দায় দেখবেন তাঁরা।
কিন্তু করোনা ও লকডাউনের জেরে সবই অনিশ্চিত। এদিকে ছবির প্রযোজকরাও আর ‘দিল বেচারা’র মুক্তি স্থগিত রাখতে চাইছে না। তাই হটস্টারে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হল। তবে এ ছবি যদি সময়ে মুক্তি পেত, তাহলে কি একটি অকালমৃত্যু আটকানো যেত? এ কথাই ভাবাচ্ছে অনেককে।