
শেষ আপডেট: 31 January 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: সুরিন্দর ফিল্মস ও সোহম'স এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ-এর প্রযোজনায় শুরু হতে চলেছে নতুন ছবি 'শাস্ত্রী'-র শুটিং। শুটিং শুরুর আগে হয়ে গেল ছবির শুভারম্ভ। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।

কী নিয়ে ছবির কাহিনী তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের।
গল্পটা এক সহজ সরল মানুষের,নাম পরিমল। সে সুখে শান্তিতে ঘর করে তার পরিবারকে নিয়ে। তার শুধু একটাই নেশা, লটারির টিকিট কাটা আর জ্যোতিষীর কাছে যাওয়া। প্রতিবার সে ভাবে এবার হয়তো ভাগ্যের চাকাটা ঘুরবে, কিন্তু কিছুই হয়না। এসবের মধ্যেই একদিন ওর ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। গোটা পরিবার পথে বসে। তখনই সে একটা বেশি টাকার লটারি জেতে। কিন্তু তাতে লাভ কিছু হয় না। বাড়ি ফিরে দেখে লটারির টিকিট নিয়ে তার ছেলে কাগজের নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিয়েছে।
এরপর কেটে যায় বেশ কিছু বছর। হঠাৎ একদিন এলাকার কাউন্সিলর এসে জানায় ওদের বাড়ি তারা দখল করবে। কিন্তু পরিমল সেই বাড়ি বিক্রি করতে নারাজ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সে ভাবে মৃত্যুই একমাত্র পথ। এই সময় তার চশমা ভেঙে যায়। একজন অদ্ভুত লোক এসে তাকে একটা চশমা বিক্রি করে। কিন্তু তার সঙ্গে এটাও বলে যে চশমাটা সঠিক ভাবে ব্যবহার করতে হবে। নাহলে এর প্রভাব অন্যরকম হবে।
পরিমল কিছুদিন পর থেকে বুঝতে পারে এই চশমা যে সে চশমা না, এটা পরলে ভবিষ্যৎ দেখা যায়। সে নিজেকে বাঁচানোর জন্য ভয়ে ভয়ে কাউন্সিলরকে জানায় যে সে দেখতে পাচ্ছে কাউন্সিলরের বাড়ি কদিন পর রেড হতে চলেছে। এবং ঠিক তাই হয়। এবার কাউন্সিলর পরিমলের অনুগত হয়ে যায়। লোকটি পরিমল থেকে হয়ে ওঠে 'পরিমল-বাবা'। সে মানুষকে বলে দিতে থাকে তার ভবিষ্যৎ।
কিন্তু এইখানেই কি শেষ? নাকি এই অলৌকিক শক্তিই তার জীবন করে তুলবে আরও কঠিন?
সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। ছবিতে অভিনয় করতে চলেছেন পদ্মভূষণ প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী ,সঙ্গে আছেন দেবশ্রী রায়। এছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।
পথিকৃৎ বসু পরিচালিত 'শাস্ত্রী' মুক্তি পেতে চলেছে চলতি বছরের দুর্গা পুজোতে।