দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সানি লিওনের বায়োপিকের ট্রেলর। সেখানে তাঁর উদ্দেশ্যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল রাস্তায় দাঁড়ানো একজন যৌনকর্মী আর একজন পর্নস্টারের মধ্যে পার্থক্যটা কোথায়? উত্তরে দৃপ্ত ভঙ্গিতে তিনি বলেন এঁদের একটা মিল রয়েছে। সাহসের মিল।
পর্ন জগত থেকে আজ তিনি শতহস্ত দূরে। বলিউডে জমিয়ে কাজ করছেন। সিনেমার পাশপাশি ছোট পর্দাতেও নন ফিকশন শো সঞ্চালনায় এখন তিনি জনপ্রিয় মুখ। কিন্তু এত কিছুর পরেও অতীত তাঁর পিছু ছাড়েনি। আজও কথায় কথায় তিনি বিতর্কের শিকার হন। ট্রোলড হন। কিন্তু এ সবে যে সানি বিশেষ পাত্তা দেন না এ বার সেটাই বুঝিয়ে দিলেন।
একবছর আগে ঠিক এই দিনেই মা হয়েছিলেন সানি লিওনি। দত্তক নিয়েছিলেন ২১ মাসের এক কন্যাসন্তানকে। সাধ করে নাম রেখেছিলেন নিশা। মহারাষ্ট্রের লাতুর এলাকার চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল। দত্তক নেওয়ার পরেও মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন সানি। লিখেছিলেন, বাকিদের মা হতে নয় মাস লাগে। তাঁর লেগেছে মাত্র তিন সপ্তাহ। এরপর ২০১৮ সালের মার্চ মাসে সারোগেসির মাধ্যমে ফের মা হন সানি। জন্ম দেন যমজ সন্তানের।
https://www.instagram.com/p/BlR-ZMAHI65/?utm_source=ig_share_sheet&igshid=z1s0b5uqbsb2&r=wa1
আজ নিশার জন্মদিনে মেয়ের বার্থডে স্পেশাল করতে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন সানি। ড্যানিয়েল আর তাঁর সঙ্গে নিশার একটি ছবি দিয়ে সানি এ দিন লিখেছেন, 'এক বছর আগে যেদিন তোমায় বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিনই আমাদের জীবন বদলে গিয়েছিল। মনেই হচ্ছে না তোমায় মাত্র এক বছর চিনি। মনে হচ্ছে যেন বহু বছর ধরে তোমায় চিনি নিশা। তোমায় খুব ভালোবাসি।' নিশাকে এ দিন নিজের আত্মার অংশ এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্যা সন্তান বলেও আদর জানান সানি।
তবে বিষয়টা অন্য। নিশার জন্মদিনে যে ছবি সানি শেয়ার করেছেন, সে ছবি আগেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। খোলামেলা এ ছবির জন্য নেটিজেনদের ট্রোলের শিকারও হতে হয় তাঁকে। তবে বিতর্ক তো এই প্রথম নয়। এর আগেও বহুবার নেটিজেনদের বিষনজরে পড়েছেন তিনি। এমনকী পর্ন স্টার থেকে তাঁর বলিউডের নায়িকা হওয়ার সফলতাটা আজও মেনে নিতে পারেননি অনেকে। তবে এ সব কথায় যে একেবারেই পাত্তা দেন না তিনি আজ সেটা আরও একবার বুঝিয়ে দিলেন।