
সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার
শেষ আপডেট: 14 February 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দেখাতেই প্রেম, তারপর দীর্ঘ ১৬ বছর একসঙ্গে, ১৩ বছরের দাম্পত্য—তবুও সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের ভালবাসা রয়ে গিয়েছে একই রকম। এক সংবাদ মাধ্যম-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যালেন্টাইনস ডে এবং তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা শেয়ার করলেন এই তারকা দম্পতি।
সেই সাক্ষাৎকারে সানি জানান, 'প্রথম দেখাতেই আমরা একে অপরকে ভালবেসে ফেলেছিলাম। এখনও আমরা একসঙ্গে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিই।' এ কথা শুনে ড্যানিয়েল বলেন, 'আমি যখন প্রথম সানিকে দেখি, তখন মুখ থেকে শুধু বেরিয়ে এসেছিল ‘ওহ মাই গড, ওয়াও!'
২০০৯ সালে লাস ভেগাসে এক নাইট ক্লাবের বাইরে তাঁদের প্রথম দেখা হয় এক বন্ধুর মাধ্যমে। সেদিন কয়েক ঘণ্টা ধরে কথোপকথনেই দু’জন বুঝেছিলেন, তাঁরা সারা জীবন একে অপরের সঙ্গে ভালবেসে কাটিয়ে দিতে পারবেন।
ড্যানিয়েল জানান, সানির সঙ্গে আলাপের পর তিনি সবচেয়ে অবাক হয়েছিলেন তাঁর পরিবারের প্রতি ভালবাসা দেখে। বলেন, 'ওর পরিবারের সঙ্গে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। বুঝেছিলাম, ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে।'
কয়েক বছর ডেট করার পর, অবশেষে ২০১১ সালে শিখ ও ইহুদি—দুই রীতিতেই বিয়ে সারেন তাঁরা। বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন সানি-ড্যানিয়েল! সানি বলেন, 'আমরা অনেকদিন ধরেই এটা করতে চাচ্ছিলাম। সত্যিই খুব আবেগঘন এবং মজার একটা অভিজ্ঞতা হয়েছে।'
View this post on Instagram
ভ্যালেন্টাইনস ডে কীভাবে কাটান তাঁরা? এই প্রশ্ন করা হলে, উত্তরে ড্যানিয়েল বলেন, 'প্রতি বছর আলাদা আলাদাভাবে উদযাপন করি। কখনও ডিনার ডেটে যাই, কখনও কোথাও ঘুরতে যাই। তবে আমরা মনে করি, ভালবাসার দিন শুধু একদিন নয়, প্রতিদিনই হওয়া উচিত।'
সানির কাছে সবচেয়ে রোমান্টিক বিষয় কী? তিনি বলেন, 'ড্যানিয়েল এখনও আমাকে ফুল কিনে দেয়, আর এটা আমি খুব ভালবাসি।' প্রশ্ন করা হয় ঝগড়া হলে সেটা মেটে কীভাবে? সানি বলেন, 'আমরা কখনও রাগ বা হতাশার মধ্যে থাকলে তখনই সেই সমস্যার সমাধান করি না। বরং একে অপরকে বোঝার চেষ্টা করি। আর এমন কোনও সম্পর্ক আছে নাকি, যেখানে ঝগড়া হয় না!'
ড্যানিয়েলও একমত। তিনি বলেন, 'পরস্পরের পাশে থাকাটাই আসল ব্যাপার। কাজ, ব্যবসা, আমাদের তিন সন্তান—নিশা, আশের, নোয়াহ—সব মিলিয়ে ব্যস্ততা থাকলেও আমরা একে অপরের জন্য সময় বের করি। জীবনে ভারসাম্য রাখা খুব জরুরি। আমরা বিশেষ দিনগুলোতে একসঙ্গে সময় কাটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি।'