
শেষ আপডেট: 17 November 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: গা থেকে পর্নস্টার তকমা ঝেড়ে ফেলতে মরিয়া সানি লিওন। দীর্ঘদিন ধরে বলিউডে একটার পর একটা কাজ করেও যোগ্য সম্মান পাননি। তবে থেমে থাকতে চাননা সানি। সম্প্রতি অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এদিকে এরমধ্যেই বারাণসীতে গেলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধেয় সেখানে দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখেছেন সানি। পরে নিজেও আরতি করেন।
সানি একা নন, সঙ্গে ছিলেন অভিনেতা অভিষেক সিংও। তাঁদের দু’জনের গঙ্গা আরতির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সানি লিওন নিজে একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, তাঁরা দু’জন গঙ্গার ঘাটের উপর ভিভিআইপিদের জন্য তৈরি করা মঞ্চে বসে আরতি উপভোগ করছেন। এছাড়াও আরও একটি ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় সানি ও অভিষেক ঘাটে দাঁড়িয়ে আরতি করছেন।
View this post on Instagram
গঙ্গা আরতির সময় সানির পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার। কপালে ছিল চন্দনের তিলক এবং গলায় ঝোলানো ছিল গাঁদা ফুলের মালা। দশাশ্বমেধ ঘাটে সানিকে দেখতে বৃহস্পতিবার সন্ধেয় ভিড় উপচে পড়ে। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই ঠাকুরমশাইয়ের সঙ্গে গঙ্গা পুজো করেন তাঁরা। সূত্রের খবর, ‘থার্ড পার্টি’ নামের একটি গানের প্রোমোশন করতে বারাণসী গিয়েছেন তাঁরা। সেখানেই প্রচারের ফাঁকে সময় বের করে দু’জনে গঙ্গা আরতি দর্শনে চলে যান।
#WATCH | Uttar Pradesh: Actor Sunny Leone attends 'Ganga Aarti' in Varanasi. pic.twitter.com/o5myI7g8ep
— ANI (@ANI) November 16, 2023
উল্লেখ্য, পূজা ভাটের পরিচালনায় ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয়েছিল সানি লিওনের। যদিও তার অনেক আগেই পর্ন দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপর বলিউডে যে ছবিগুলি করেছিলেন, তার কোনওটিতেই অভিনেত্রীর অভিনয় স্বত্বাকে তুলে ধরার চেষ্টা করেননি পরিচালকরা। তবে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবি তাঁকে একেবারে অচেনা অবতারে দর্শকদের সামনে তুলে ধরেছে। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিতও হয়েছে সানির কাজ।