
ফাইল চিত্র
শেষ আপডেট: 5 December 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। গত মঙ্গলবারের সন্ধ্যায় আচমকাই একটা খবর ভেসে ওঠে। রীতিমতো হইচই পড়ে যায় চারিদিকে। সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যমও। পুলিশের দারস্থ হন কৌতুক শিল্পী সুনীল পালের স্ত্রী। শো করতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন। মঙ্গলবারই ফেরার কথা ছিল তাঁর। তিনি ফেরেননি। এদিকে সুনীলের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তাঁর স্ত্রী।
তবে টানা দু’দিন নিখোঁজের পর অবশেষে বাড়ি ফিরেছেন কৌতুক অভিনেতা। সুনীলের হারিয়ে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রথম জানিয়েছিলেন স্ত্রী সরিতা পাল। এবার স্বামীর বাড়ি ফিরে আসার কথা তিনি জানালেন নিজ মুখেই। সেই সঙ্গে মুখ খুললেন সুনীল নিজেই।
সুনীল জানান, পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টা পর তাঁর খোঁজ মেলে এবং মুম্বইয়ে নিজের বাড়িতেও ফিরে আসেন। তিনি জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। যা নিয়ে নানা চর্চাও চলতে থাকে। এ বার মুখ খুললেন কৌতুক অভিনেতা। তিনি বলেন, 'আমি সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। আসলে প্রথমে আমার কাছে একটি প্রোগ্রামের বুকিংয়ের জন্য ফোন এসেছিল। সেটা একটা বার্থডে পার্টির অনুষ্ঠান ছিল। আমার তাঁদের সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা হয়। তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল চান। অগ্রিম টাকা পাঠিয়ে দেন। সেই সঙ্গে বিমানের টিকিট বুকিংও করে দেন। ফলে আমি সেখানে চলে যাই।'
সুনীল বলেন, 'টিকিট পাওয়ার পরের দিনই দাঁড়ভাঙা থেকে আমি দিল্লি যাই। তখন ফোনে বলা হল একটি ইনোভা আমাকে পিক-আপ করার জন্য দাঁড়িয়ে আছে। সেই মতো আমি গাড়িতে উঠে পড়ি। কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ বলা হল আমাকে অপহরণ করা হয়েছে। এরপরই তাঁরা আমার চোখ বেঁধে দেয়। কোনওভাবেই আমি পালিয়ে বেরিয়ে আসতে পারিনি। প্রায় আধঘণ্টা পর এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আরও সাত-আটজন দাঁড়িয়ে ছিল। আমার থেকে ২০ লাখ টাকা চাওয়া হয়। কিন্তু, আমি বলেছিলাম ১০ লাখের বেশি দিতে পারব না।'
কৌতুক অভিনেতা আরও বলেন, 'অনেকক্ষণ কথা বলার পর তাঁরা ১০ লাখে রাজি হয়। আমি সেখানে দাঁড়িয়েই পরিচিত একজনের মারফৎ টাকা ট্রান্সফার করি। যখন ওই অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ ঢুকল তখন আমাকে ওরা ছেড়ে দিল। তখন সন্ধ্যা সাড়ে ছ'টা বাজে। সব শেষে আমাকে ওরা ছেড়ে দিল।'