
শেষ আপডেট: 11 November 2023 14:57
দ্য ওয়াল ব্যুরো: গত ৯ নভেম্বর ১৬ বছর পূর্ণ করল শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন গ্ল্যামার ক্যুইন দীপিকা পাড়ুকোন। পুনর্জন্মের গল্প নিয়ে তৈরি এই ছবি আজও মনে রেখেছেন সিনেমাপ্রেমীরা। তবে অনেকেই জানেন না, ‘ওম শান্তি ওম’-এ এমন একটি দৃশ্য আছে, যা আসলে সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত।
ছবির প্রথমার্ধে একটি দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শ্যুটিংয়ের সময় আগুনের মাঝে আটকে পড়েছেন নায়িকা শান্তিপ্রিয়া, ওরফে দীপিকা। তাঁকে বাঁচানোর কথা নায়কের। কিন্তু আগুনের ভয়ে সে যেতে পারছে না। এমন সময় মুশকিল আসান হিসাবে হাজির হন জুনিয়র আর্টিস্ট ওমপ্রকাশ মাখিজা, অর্থাৎ শাহরুখ। তিনিই আগুন থেকে বের করে আনেন তাঁর ‘স্বপ্নসুন্দরী’কে।
এই দৃশ্যটি একেবারেই কল্পনাপ্রসূত নয়। বরং তা বলিউডেই একসময় ঘটে যাওয়া সত্যি ঘটনাকে নিজের স্ক্রিপ্টে তুলে ধরেছিলেন পরিচালক ফারহা খান। সেই ঘটনাটি ঘটেছিল ‘মাদার ইন্ডিয়া’র সেটে। যেখানে সত্যিই আগুনের মধ্যে আটকে যাওয়া রাধা অর্থাৎ নার্গিসকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন বিরজু, ওরফে সুনীল দত্ত। এই ঘটনায় সুনীল ভালমতোই জখম হয়েছিলেন।
এই ঘটনার পরপরই বাস্তব জীবনে নার্গিস ও সুনীল দত্ত প্রেমের সম্পর্কে জড়ান। পরে তাঁরা বিয়েও করেন। তবে ছবিতে তাঁরা মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘মাদার ইন্ডিয়া’ মুক্তির পর সুপারহিট হয় বক্স অফিসে। একইসঙ্গে ফিল্মফেয়ার-সহ একাধিক পুরস্কারও জিতেছিল ছবিটি।