৪০ কোটি টাকার প্রস্তাব পেয়েও কেন তা ফিরিয়ে দিলেন সুনীল শেট্টি?

সুনীল শেট্টি
শেষ আপডেট: 24 January 2026 14:57
দ্য ওয়াল ব্যুরো: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ঘিরে বলিউডে বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক সময়েও একাধিক তারকা এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। অতীতে শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের মতো প্রথম সারির অভিনেতারাও এই বিতর্কে জড়িয়েছেন। ঠিক এই প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)।
এক সাক্ষাৎকারে সুনীল জানান, তাঁর কাছেও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের প্রস্তাব এসেছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। অভিনেতার কথায়, যে জিনিসে তাঁর বিশ্বাস নেই, শুধুমাত্র টাকার জন্য তিনি সেই কাজ করতে পারেন না।
সুনীল বলেন, “আমার কাছে আমার শরীরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শরীর আর এই চেহারার জন্যই মানুষ আজ সুনীল শেট্টিকে চেনে। নিজের শরীরকে যদি আমি সম্মান না করি, তাহলে সব কিছুই অর্থহীন হয়ে যাবে।”
সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে আরও বড় তথ্য প্রকাশ করেন অভিনেতা। সুনীল জানান, তামাকের বিজ্ঞাপনের জন্য তাঁকে প্রায় ৪০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্বীকার করেন, সেই সময় হয়তো তাঁর টাকার প্রয়োজনও ছিল। কিন্তু তবুও তিনি প্রস্তাব গ্রহণ করেননি। অভিনেতার স্পষ্ট বক্তব্য, “যে কাজ নিজে বিশ্বাস করি না, সেই কাজ কখনওই করব না, সে যত বড় অঙ্কের টাকাই হোক না কেন।”