
শেষ আপডেট: 25 March 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনে (birthday) জেল থেকে বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-কে চিঠি (letter) লিখলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। ২০০ কোটি টাকা তছরুপ কাণ্ডে বর্তমানে তিহাড় জেলে বন্দি সুকেশ। সেখান থেকেই অভিনেত্রীকে বিশেষ বার্তা দিলেন তিনি। সঙ্গে বান্ধবীকে 'বেবি' উল্লেখ করে বললেন, তিনি জ্যাকলিনকে ভীষণ মিস করছেন।
উল্লেখ্য, এই টাকা নয়ছয়ের ঘটনায় বহু আগেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। ইতিমধ্যে একাধিকবার তাঁকে তদন্তকারীদের ডাকে হাজিরা দিতে হয়েছে। বেশকিছু দিন ধরেই এই নিয়ে তাঁর জীবনে ওঠাপড়া চলছে। আর এবার তাঁকে সরাসরি চিঠি লিখলেন প্রেমিক সুকেশ। যদিও এই চিঠি নিয়ে জ্যাকলিনের প্রতিক্রিয়া জানা যায়নি।
সুকেশ লিখেছেন, "আমার বাবু, আমার জন্মদিনে আমি তোমাকে খুব মিস করছি। আমি আমার চারপাশে তোমার এনার্জি মিস করি। আমার কাছে কোনও শব্দ নেই, কিন্তু আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনওই শেষ হবে না। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা নিয়ে আমার কোনও প্রমাণের দরকার নেই। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ, বেবি।"
এরপর তিনি আরও লেখেন যে, "তুমি জানো যে যাই হয়ে যাক না কেন, আমি এখানে তোমার পাশে সবসময় দাঁড়িয়ে আছি। তোমাকে আমি ভীষণ ভালবাসি বেবি, আমাকে তোমার ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্মদিনে এত শুভেচ্ছা জানানোর জন্য বন্ধুদেরও ধন্যবাদ জানাই। পেয়েছি শত শত চিঠি, শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করছি।"
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে হোলিতেও শুভেচ্ছা জানিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজকে চিঠি পাঠিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিনকে নিজের জীবনের সবথেকে চমৎকার মানুষ হিসাবে অভিহিত করে নিজের জীবন থেকে অদৃশ্য হয়ে যাওয়া রং ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কলকাতায় সলমনের শো বছরের মাঝেই, খুনের হুমকি পেয়েও দমছেন না ভাইজান