
শেষ আপডেট: 3 August 2018 04:20
আপাতত বলিউডের প্রথম সারির ফ্যাশন ডিভাদের মধ্যে সুহানা একজন। বয়সে টিনেজার হলেও স্টাইল স্টেটমেন্টে অনায়াসেই পিছনে ফেলে দিতে পারেন টিনসেল টাউনের তাবড় তাবড় অভিনেত্রীদের। লন্ডনে তাঁর হাইস্কুলের পার্টি হোক কিংবা মুম্বইতে বন্ধুদের সঙ্গে আড্ডা। ছবি শেয়ার হলে নিমেষেই তা হয়ে যাচ্ছে ভাইরাল। ইনস্টাগ্রাম থেকে টুইটার সবই এখন সুহানার দখলে। আর এ বার তো তিনি 'ভোগ'-এর কভার গার্ল। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে ট্রোল। অনেকরই বক্তব্য কী এমন কাজ করেছেন সুহানা যার জন্য তাঁকে এমন বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজে দেখা যাবে।
তবে সাফল্য এলে পাল্লা দিয়ে নিন্দাও যে আসবে এটা বোধহয় ভালো করেই জানেন সুহানা। তাই এতদিন নেটিজেনদের ট্রোলকে বিশেষ পাত্তাও দেননি। তবে এ বার বোধহয় সহ্যের বাঁধ ভেঙেছে। তাই ট্রোলের বিরুদ্ধে এ বার সোচ্চার হয়েছেন শাহরুখ কন্যা। তবে বেশি কিছুই বলেননি তিনি। শুধু বলেছেন এ ভাবে ট্রোলের শিকার হওয়াটা তাঁর কাছে ভীষণ বিরক্তিকর।
তবে এটাই প্রথম নয়। কয়েকদিন আগে সপরিবারে ছুটি কাটাতে স্পেনে গিয়েছিলেন খান ফ্যামিলি। সেখানে গিয়ে মেয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন গৌরী। তার মধ্যে বেশ কিছু ছবি প্রশংসা পেলেও একটি ছবি নিয়ে শুরু হয়েছিল ট্রোল। সেই ছবিতে সুহানা পড়েছিলেন একটি অফ শোল্ডার বিকিনি। যদিও ফ্যাশন সেন্সিবল লোকেরা বলেছেন, টোনড ফিগারের সুহানাকে বিকিনিতে লাগছিল দারুণ। কিন্তু এ ক্ষেত্রেও নেটিজেনদের ট্রোলের শিকার হন তিনি। মুসলিম ধর্মাবলম্বী হয়েও কেন বিকিনি পড়েছে সেই নিয়েও শুনতে হয় কটুক্তি। সেই সময় অবশ্য একেবারে 'স্পিকটি নট' ছিলেন সুহানা। তবে এ বার আর চুপ করেননি। বরং কড়া ভাষায় জবাব দিয়েছেন নেটিজেনদের।