
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 December 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের জল্পনা বেশ অনেকদিন ধরেই চর্চার বিষয়। তবে এবার এই প্রেমের গুঞ্জন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। কখনও বিদেশে রাতভর পার্টি, কখনও দীপাবলির রাতে একসঙ্গে থাকা, আবার কখনও ক্যাফে বা রেস্তোরাঁয় একান্তে সময় কাটানো, এগুলো মাঝে মাঝে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সুহানা ও অগস্ত্যের একান্তে কাটানো মুহূর্তগুলো বারবার ক্যামেরাবন্দি হয়েছে। এবার তাঁদের দেখা গেল শাহরুখের আলিবাগের বাংলোতে। বলিউড সূত্রে খবর, বছরের শেষ পার্টির জন্যই নাকি সেখানে একান্তে দেখা করেছেন এই দু'জন। তবে তাঁদের প্রেমের গল্প যে আর লুকোনো নেই, তা বোঝাই যাচ্ছে।
View this post on Instagram
এক কথায় পাপারাৎজিদের তীক্ষ্ণ নজর এড়াতে পারেননি তাঁরা। ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের গোপন মুহূর্ত। অমিতাভ বচ্চনের পরিবারে অগস্ত্যই এখন একমাত্র পুত্রসন্তান। বোন নভ্যা নভেলি ও ভাইঝি আরাধ্যার মধ্যেও অগস্ত্য বিশেষ প্রিয় দিদা জয়া বচ্চন এবং মামা অভিষেকের। অন্যদিকে, সুহানা তাঁর বাবা-মা শাহরুখ ও গৌরীর চোখের মণি।
বলিউডে আত্মপ্রকাশের আগেই সুহানা ও অগস্ত্যের প্রেমের গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনে আরও জোরাল হাওয়া লাগে জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এ তাঁদের একসঙ্গে কাজ করার পর। ছবির শুটিং চলাকালীন এবং পরে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের ছবি ও ভিডিও বারবার ভাইরাল হয়েছে।