
শেষ আপডেট: 10 May 2023 16:18
দ্য ওয়াল ব্যুরো: তাঁর 'নাটু নাটু'র তালে পা মিলিয়েছে আসমুদ্র হিমাচল। বিদেশেও ঝড় তুলেছে রাজামৌলির 'আরআরআর'। অস্কারজয়ী দক্ষিণী চিত্র পরিচালক (SS Rajamouli) এবার তাঁর তুন থেকে সবচেয়ে শক্তিশালী তিরটা ছুঁড়তে চলেছে। এতদিন যা ছিল টিভি সিরিয়াল, অ্যানিমেশন ছবিতে, এবার তাই জীবন্ত হয়ে উঠবে বড়পর্দায়। মহাভারত নির্মাণ করতে চলেছেন রাজামৌলি। নির্মাণই বটে, মহাকাব্যকে পুঙ্খানুপুঙ্খভাবে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে ১০ খণ্ডে তৈরি হবে এই ছবি।
বিশ্বব্যাপী হাজার কোটিরও বেশি বাণিজ্য করেছে রাজামৌলির ছবি 'আরআরআর', যা বক্স অফিস মাতানো ছবি প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’-কেও ছাপিয়ে গিয়েছে। রাজামৌলি তাঁর পরবর্তী ড্রিম প্রজেক্টের কথা জানিয়েছেন। তাঁর কথায়, "দেশের গল্প বলতে চাই। দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এটি আমার বহু দিনের স্বপ্ন। যদিও এই স্বপ্ন সত্যি হতে সময় লাগবে।"
পরিচালক জানান, যদি মহাভারত খুঁটিয়ে পড়া হয় তাহলে মহাভারতের প্রতিটি সংস্করণ পড়তে কম করে হলেও এক বছর সময় লাগবে। এর সঙ্গে হিন্দু আবেগ জড়িয়ে। তাই তিনি ছবিটি তৈরিতে বেশি তাড়াহুড়ো করতে চান না। দর্শকদের ইচ্ছা মেটাতে ১০ খণ্ডে তৈরি হবে এই সিনেমা। বড়পর্দায় মেগা চ্য়ালেঞ্জ নিয়ে আসছেন রাজামৌলি।
শোনা যাচ্ছে, ‘মহাভারত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য জুনিয়র এনটিআর, রাম চরণ, দীপিকা পাড়ুকোন সহ আরও অনেক নামী অভিনেতাকে কাস্ট করা হতে পারে। দ্রৌপদীর চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। দীপিকা এখন ব্যস্ত রয়েছেন ‘প্রজেক্ট কে’-র শ্যুটিংয়ে।
গুজরাতি চা-ওয়ালার 'কেরালা' অফার! ছবির টিকিট দেখালেই ফ্রি ফ্রি ফ্রি
রাজামৌলির ‘মহাভারত’ তৈরির স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে প্রথমবার রূপোলি পর্দায় বড় ধামাকাই হবে। রাজামৌলি এখন মহেশ বাবুর সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। এই সিনেমাটিও বিগ বাজেটের বলে কানাঘুষো শোনা গেছে। তেলুগু ছবিতে রাজামৌলির কাজ শুধু ভারতে নয়, সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘আরআরআর’— লাইট ক্যামেরা অ্যাকশনে একের পর এক সোনা ফলিয়েছেন ৪৯ বছরের পরিচালক। এবার তাঁর মহাভারত তৈরির স্বপ্ন সত্যি হয় কিনা সেটাই দেখার।