
শেষ আপডেট: 14 January 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সানাই বেজেছিল বলিপাড়ায়। যে সে নয়, আমির খানের মেয়ের বিয়ে বলে কথা! আইনি বিয়ে হয়েছিল আগেই। তারপর স্বামী-বন্ধু-পরিবার সমভিব্যাহারে রাজস্থানের উদয়পুরের উদ্দেশে রওনা হয়ে গিয়েছিলেন আমির-কন্যা ইরা। এককালে মেবারের রানারা যে প্রাসাদে বসে রাজ্য শাসন করতেন, সেই প্রাসাদেই বসেছিল ইরা খানের সামাজিক বিয়ের আসর। সঙ্গীত, মেহেন্দির পর খ্রিস্টান ধর্মমতে বিয়ে করেন নূপুর শিখরে এবং ইরা খান। তারপর শনিবার রাতে ছিল তাঁদের গ্র্যান্ড রিসেপশন! সেখানেই এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান-আমির, সলমন, শাহরুখ।

ইরার রিসেপশনের অনুষ্ঠান ছিল একেবারে তারকাখচিত। কে নেই সেখানে! সূত্রের খবর, মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ২৫০০ জন অতিথি! সেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। ছিলেন রেখা, হেমা মালিনী, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সলমন খান সহ বলিপাড়ার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।


ইরার রিসেপশনে শাহরুখ পরেছিলেন থ্রি পিস স্যুট। আর গৌরী খান বেছে নিয়েছিলেন মেরুনের সঙ্গে সোনালি কাজ করা এথনিক পোশাক। আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন সলমন খান। কালো শার্ট প্যান্ট ব্লেজারের সঙ্গে তাঁর রুপোলি কারুকাজ করা বেল্ট বিশেষভাবে নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইরার বিয়ে উপলক্ষে হিন্দি ছবির জগতের বহু-চর্চিত এবং বিখ্যাত তিন খানের এক ফ্রেমে ধরা দেওয়া।


৩ জানুয়ারি ইরার রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই বাহুল্য বর্জিত। সেদিন ইরার পরনে ছিল হারেম প্যান্ট আর কোলাপুরি চপ্পল। তবে সকলকে অবাক করে দিয়ে শর্টস আর স্যান্ডো গেঞ্জি পরে দৌড়াতে দৌড়াতে বিয়ের ভ্যেনুতে এসে পৌঁছান বর নূপুর। ওই পোশাকেই রেজিস্ট্রির কাগজে সই-সাবুদ করেন তিনি। পরে অবশ্য শেরওয়ানি -চোস্তায় ক্যামেরায় পোজ দেন।

১০ তারিখ সামাজিক বিয়েতে ইরা পরেছিলেন দুধ -সাদা গাউন। নূপুর মানানসই সাদা শার্ট আর প্যাস্টেল বেজ-রঙা স্যুটে সাজিয়েছিলেন নিজেকে। যেন রূপকথার রাজ্য থেকে উঠে এসেছেন দুজনে!

তবে রিসেপশনে ইরা সেজেছিলেন ভারতীয় পোশাকে। লাল-সোনালি লেহেঙ্গা চোলির সঙ্গে ন্যূনতম মেকআপ এবং গয়নায় তাঁর সাজ যে বলিউডের আর পাঁচটা বিয়ের সাজের থেকে বেশ 'অন্যরকম', তা স্পষ্ট। নূপুর পরেছিলেন কালো গলাবন্ধ কুর্তা এবং পাজামা।
