
শেষ আপডেট: 23 September 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো: ‘জওয়ান’ (Jawan)-এ শাহরুখের (SRK) বিপরীতে নায়িকা আদতে কে? নয়নতারা (Nayanthara) নাকি দীপিকা? গত কয়েকদিন ধরেই এই বিষয় নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা রিলিজের আগে যেখানে সবাই জানতেন যে দীপিকা এই ছবিতে ক্যামিও করেছেন, সেখানে পরে দর্শকরা বুঝতে পেরেছেন যে, দীপিকার চরিত্রটাই আসলে গল্পের মূল জায়গা। সেখানে নয়নতারার চরিত্রের গুরুত্ব খুবই কম।
শুক্রবার সন্ধেয় ভক্তদের সঙ্গে কথা বলার জন্য এক্স হ্যান্ডলে ‘আস্ক এসআরকে’ সেশন করেছিলেন শাহরুখ। সেখানেই একজন তাঁকে বলেন, “ছবিতে সুজির সঙ্গে আজাদের সম্পর্কটা আমার বেশ পছন্দ হয়েছে। এর পাশাপাশি একজন সিঙ্গল মাদারের গল্পটি এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছিল। সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ধন্যবাদ। লাভ ইউ শাহরুখ খান।” উল্লেখ্য, ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রেই দেখা গিয়েছিল নয়নতারাকে। আর গল্পে তাঁর মেয়ের নাম ছিল সুজি।
ওই অনুরাগীর পোস্ট শেয়ার করে শাহরুখ বলেন, “আমি নিজেও অনুভব করেছি যে, একজন সিঙ্গেল মাদার হিসাবে নর্মদার গল্পটি খুবই চমৎকার। দুর্ভাগ্যবশত, নর্মদার চরিত্রটি আরও স্ক্রিনটাইম পেল না। তবে জওয়ানে সত্যিই নর্মদা দুর্দান্ত ছিল।” নর্মদার চরিত্রেই অভিনয় করেছেন নয়নতারা। স্বল্প পরিসরেও তাঁর চরিত্র এবং কাজ বেশ পছন্দ করেছেন দর্শক। একইসঙ্গে নয়নতারার গল্পে কাজের পরিধি কম হলেও, তা যে গুরুত্বহীন নয়, সেটাও প্রমাণ হয়ে গেল শাহরুখের কথাতেই।
‘জওয়ান’ দেখতে এলেন ভেন্টিলেটরে থাকা প্রতিবন্ধী যুবক, আবেগপ্রবণ শাহরুখ