
শেষ আপডেট: 16 September 2023 06:54
দ্য ওয়াল ব্যুরো: ‘জওয়ান’ মুক্তি পেয়েছে, এখনও দু’সপ্তাহ পেরোয়নি। ইতিমধ্যে ছবিটির আয় বিশ্বজুড়ে ৭০০ কোটি পেরিয়ে গিয়েছে। শুক্রবার মুম্বইয়ে সেই উপলক্ষে সাকসেস পার্টির (Jawaan success party) আয়োজন করেছিলেন শাহরুখ খান। নয়নতারা বাদে সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রধান সমস্ত কলাকুশলীরা। আর সেই মঞ্চে বসেই নিজের আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন শাহরুখ খান (SRK announced Dunky release date)। জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী ছবি ‘ডানকি’ মুক্তি পাবে আগামী ক্রিসমাসেই।

২০২২ সালে পরপর তিনটি ছবি ঘোষণা করেছিলেন অভিনেতা। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। সেইসময় তারিখও জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। সেই দিন অনুযায়ী ‘পাঠান’ মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। তবে কিছু কাজ বাকি থাকায় ‘জওয়ান’ ২ মে-র বদলে মুক্তি পায় ৭ সেপ্টেম্বর। তাই অনেকেই এই ভেবে সন্দিহান ছিলেন যে, তাহলে কি ‘ডানকি’র মুক্তিও পিছিয়ে যাবে? শাহরুখ কি তিনমাসের ব্যবধানে পরপর নিজের দু’টি ছবি মুক্তি দেবেন?
শাহরুখ বললেন, “এবছর ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস থেকে আমি সিনেমা মুক্তি শুরু করেছি। এরপর ‘জওয়ান’ মুক্তি পেল জন্মাষ্টমীতে, ভগবান কৃষ্ণের জন্মতিথিতে। এবার নতুন বছর আসবে। তার আগে ক্রিসমাসে ‘ডানকি’ও মুক্তি পাবে। আর আমার সিনেমা মুক্তির দিনগুলো তো এমনিই ইদ হয়ে যায়। এটাই তো জাতীয় সংহতির শ্রেষ্ঠ উদাহরণ।”
দেশজুড়ে এখনও ‘জওয়ান’ ঝড় অব্যাহত। মশালা কমার্শিয়াল সিনেমায় শাহরুখ যেভাবে সামাজিক বার্তা দিয়েছেন, তা দর্শক-সমালোচক দুই মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যে একাধিকবার ছবিটি সিনেমাহলে গিয়ে দেখেছেন কেউ কেউ। আর তাতেই বক্স অফিসে লক্ষ্মীর মুখ দেখেছেন শাহরুখ। অনেকেরই ধারণা, সেই খুশিতে শুক্রবার সন্ধেয় বড় ঘোষণা করে ভক্তদের বোনাস উপহার দিলেন তিনি।
শাহরুখের ‘আজাদি’র সঙ্গে গলা মেলালেন প্রেসিডেন্সির পড়ুয়ারা, বিনোদিনীর স্টারে সমাজবদলের স্লোগান