
শেষ আপডেট: 19 January 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: 'উমা' ছবির একটি দৃশ্যে অভিনেতা মনোজ মিত্র বলেছিলেন, "সিনেমাহলে মাত্র একজন দর্শক থাকলেও পরিচালককে সৎভাবে গল্প বলে যেতে হবে। ছবি (film) বানিয়ে যেতে হবে।" বৃহস্পতিবার সে ছবিরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করলেন, তা পড়ার পর অনেকেরই সেই সংলাপটি মনে পড়তে বাধ্য।
কী লেখা রয়েছে সেখানে?
সেই ছবিটি আসলে এক টুকরো কাগজের। যাতে রয়েছে কাঁপা কাঁপা হাতে লেখা তিনটি শব্দ-- 'ছবি কিন্তু হবে'। আর সেই হাতের লেখা আর কারও নয়, স্বয়ং তরুণ মজুমদারের (Tarun Majumdar)। তফাত এটাই, ছবির দৃশ্যে শয্যাশায়ী মনোজ মিত্র ওই সংলাপ বলেছিলেন তাঁর ছাত্র অঞ্জন দত্ত অভিনীত চরিত্রকে। আর এই কাগজে লেখা তিনটি শব্দের মাধ্যমে মৃত্যুর ঠিক চারদিন আগে তরুণবাবু বার্তা দিয়ে গিয়েছিলেন তাঁর অনুজ 'সিনেযোদ্ধা'দের।
এদিন বিকেলে সৃজিত মুখোপাধ্যায় নিজের ফেসবুকে একটি পুরনো চিরকুটের ছবি পোস্ট করেছেন। যাতে রয়েছে তরুণ মজুমদারের সেই তিন শব্দের বার্তা। সেই ছবিটির সঙ্গেই সৃজিত ক্যাপশনে যা লিখেছেন, তা অনেকেরই রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। কী লিখেছেন 'টলিউডের ফার্স্ট বয়'?
সৃজিত বলেন, "কিংবদন্তি তরুণ মজুমদার মারা যাওয়ার ঠিক চারদিন আগে একটি চিরকুটে এই শব্দগুলি লিখে গিয়েছিলেন। কারণ, উনি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। এতে লেখা, 'ছবি কিন্তু হবে'। হতে পারে এখানে নিজের অসমাপ্ত ছবিটির কথা উল্লেখ করা রয়েছে, অসুস্থতার আগে তিনি যেটির প্রস্তুতি শুরু করেছিলেন। এই তিনটি শব্দ বাইরে থেকে হয়তো খুবই সাধারণ, কিন্তু এর গভীরতা বিশাল। যা সারাজীবন সঞ্জীবনীর মতো কাজ করবে আমার মতো শত শত সিনেযোদ্ধার মননে। আমরা যারা জীবনে বারবার ব্যর্থতার মুখে পড়ি, বিপদের সম্মুখীন হই, তাঁদেরকে এই তিনটে শব্দ অনুপ্রাণিত করবে।"
ইতিমধ্যেই বাংলার স্বর্ণযুগের পরিচালক মৃণাল সেনের জীবনের অনুপ্রেরণায় ছবি বানানোর কাজে হাত দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। নামভূমিকায় তিনি বেছে নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বৃহস্পতিবারই শ্যুটিংয়ের কাজে কলকাতা এসে পড়েছেন তিনি। মৃণালবাবুকে শ্রদ্ধা জানিয়েই এই ছবি বলে জানিয়েছেন সৃজিত। এরমধ্যেই পরিচালক অনন্য শ্রদ্ধার্ঘ জানালেন তাঁর অগ্রজকে।
মেকআপের জাদুতে চঞ্চল যেন অবিকল মৃণাল সেন! প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক