
শেষ আপডেট: 8 January 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো: মৃণাল সেনকে নিয়ে 'পদাতিক' (Padatik) বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), এ খবর গত বছরের শেষেই জানা গিয়েছিল। আর এবার ছবির প্রস্তুতিও শুরু করে দিলেন তিনি। শ্যুটিংয়ের আগে নিজের টিম নিয়ে জোরকদমে রেকির (recce session) কাজে লেগে পড়েছেন টলিউডের 'ফার্স্ট বয়'।

শনিবার রাতে ছবিটির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, সৃজিত তাঁর টিম নিয়ে ইতিমধ্যে শ্যুটিং লোকেশনে রেকি করতে চলে গিয়েছেন। যদিও কোন জায়গায় রেকি চলছে, তা খোলসা করেনি প্রযোজনা সংস্থা। ছবিতে সৃজিতকে ছাড়াও দেখা গেছে সিনেম্যাটোগ্রাফার ইন্দ্রনাথ মারিককে, যিনি এর আগে সৃজিতের সঙ্গেই 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' সিরিজে কাজ করেছেন। এছাড়াও রয়েছেন পরিচালকের অন্যান্য সহকারীরা।

সৃজিত মুখোপাধ্যায় তাঁর এই নতুন সিনেমার নাম রেখেছেন ‘পদাতিক’, যে নামে মৃণাল সেনেরও একটি বিখ্যাত ছবি রয়েছে। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মৃণালবাবুর স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।

এই প্রথম এপার বাংলার কোনও প্রজেক্টে কাজ করতে চলেছেন চঞ্চল। সৃজিতের সঙ্গেও এটা তাঁর প্রথম কাজ। এদিকে ‘X=প্রেম’ ছবির পর এখনও অবধি নতুন কোনও বাংলা ছবির কাজ শুরু করেননি সৃজিতও। যে কারণে তিনিও সুন্দর একটা কামব্যাকের জন্য মুখিয়ে রয়েছেন। আর সেজন্য তিনি বেছে নিয়েছেন মৃণালবাবুকেই। যার ফলে সবমিলিয়ে একটা নতুন শুরুর অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন সিনেমাপ্রেমীরা।