
শেষ আপডেট: 9 July 2022 13:45
দ্য ওয়াল ব্যুরো: পরের মাসে ছবির মুক্তি। তাই জোরকদমে শুরু হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী হিন্দি ছবি 'সাবাশ মিঠু'র প্রচার। যেহেতু ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক, তাই সিনেমাজুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ক্রিকেট আর ক্রিকেট। তাই কলকাতায় 'সাবাশ মিঠু' (Shabaash Mithu)-এর প্রচারের জন্য ইডেন গার্ডেন্সকেই বেছে নিয়েছিলেন ছবির নির্মাতারা।
সৌরভের সঙ্গে ছোটবেলার কোচিং ক্লাসের নস্টালজিয়া, কোনওদিন ভুলব না
এদিন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সঙ্গে 'ক্রিকেটের নন্দন কানন'-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এবং ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj)। এরপর বিকেলে মিতালি ও তাপসীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন সৃজিত। লেখেন, 'লর্ডসে শুটিং থেকে ইডেন গার্ডেন্সে সিনেমার প্রচার-- 'সাবাশ মিঠু' দিয়ে একে একে স্বপ্ন পূরণ হচ্ছে।'

পরে তিনজনেই সাংবাদিক সম্মেলনে আসেন। সিনেমায় কীভাবে তাপসী পান্নু ধীরে ধীরে মিতালি হয়ে উঠেছিলেন, সে বিষয়টিই খোলসা করেন অভিনেত্রী। তাপসী বলেন, 'আমি ছোট থেকেই ক্রিকেটের অন্ধভক্ত। পরিবারের সবার সঙ্গে বসে খেলা দেখতাম। একসময় যখন ম্যাচ ফিক্সিং-এ ভারতীয় দল জর্জরিত, তখন আমার বয়স ১২ কি ১৩! ঘটনাটি এত খারাপ লেগেছিল যে সেসময় ক্রিকেট দেখাই বন্ধ করে দিয়েছিলাম। আমার কাছে যখন এই চরিত্রটির প্রস্তাব আসে, তখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছিলাম, কীভাবে নিজেকে বড়পর্দায় তুলে ধরব। বাকিটা পরিচালক করিয়ে নিয়েছেন।'

এরপর মিতালি রাজকে প্রশ্ন করা হয়, তাপসী পান্নু নামভূমিকায় অভিনয় করতে পারবেন বলে মনে হয়েছিল? এর উত্তরে মিতালি বলেন, 'তাপসী অভিনয় করতে পারবেন জানতাম, কিন্তু ব্যাটিং কতটা করতে পারবেন, সেই নিয়ে সন্দিহান ছিলাম। তবে ট্রেলার দেখে আমি খুব খুশি। সিনেমায় তাপসীর কাজ সবার ভাল লাগবে।'

শুধু মিতালিই নন, তাপসীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ডিরেক্টর সাহেবের কথায়, 'মিতালির বেশ কিছু পুরনো খেলার ফুটেজ জোগাড় করেছিলাম। তাপসী সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। শুটিং শুরুর আগেই ও চরিত্রটা এতটাই আত্মস্থ করে ফেলেছিল যে, ফ্লোরে কোনও সমস্যাই হয়নি।'