.webp)
শেষ আপডেট: 15 November 2023 11:23
দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছে গান নিয়ে বির্তক। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের নতুনা উপস্থাপনায় 'কারার ওই লৌহ কপাট' নিয়ে সমালোচনার জল গড়িয়েই চলেছে। বিখ্যাত নজরুলগীতিকে বিকৃত করার অভিযোগে আগেই সরব হয়েছিলেন টলিপাড়ার একাধিক শিল্পী। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রহমানকে 'ঠুকতে' হিরো আলমকে আঁকড়ে ধরলেন বাংলা পরিচালক মহলের 'ফার্স্ট বয়'।
এক্স হ্যান্ডেলে মঙ্গলবার রাতে একটি ভিডিও শেয়ার করেছেন সৃজিত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশের 'বিখ্যাত' ব্যক্তিত্ব হিরো আলম গান রেকর্ড করছেন। সেই গানটি হল স্লামডগ মিলিয়নেয়ার ছবির গান 'জয় হো'। ২০০৯ সালে এই গানটির জন্যই বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার পেয়েছিলেন এ আর রহমান। অদ্ভুত উচ্চারণ এবং সুরে আর একজনকে সঙ্গে নিয়ে সেই গানটি গেয়ে চলেছেন হিরো আলম।
সৃজিতের ভাষায়, এটাই হল কারার ওই লৌহ কপাটের সুর-বিকৃতির 'রিভেঞ্জ' অর্থাৎ প্রতিশোধ। ক্যাপশনে তিনি ইংরেজিতে যা লিখেছেন, তার তর্জমা করলে দাঁড়ায়, প্রতিশোধ হল এমন খাবার যা কিনা শুঁটকির ভর্তার সঙ্গে সবচেয়ে ভাল খেতে লাগে। বলা বাহুল্য, নাম না করেই বিদ্রুপ-বাণে রহমানকে বিদ্ধ করেছেন পরিচালক।
Revenge is a dish best served with shnutkir bhawrta???????? https://t.co/1BsWoBrWqc
— Srijit Mukherji (@srijitspeaketh) November 14, 2023
বিখ্যাত নজরুলগীতির সুর বিকৃতি ইস্যুতে কাজী নজরুলের পরিবার ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তাঁদের দাবি, গানটি অবিলম্বে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত জায়গা থেকে সরাতে হবে। এর অন্যথা হলে আইনি পথে হাঁটবেন তাঁরা।
শুধু কবির পরিবারই নয়, রাগে ফুঁসছে নজরুলের জন্মস্থান চুরুলিয়া গ্রাম। এছাড়া প্রতিবাদে পথে নেমেছিলেন বাংলার শিল্পী তথা নাগরিক সমাজের একাংশ। এই বিতর্কের মাঝেই শুক্রবার মুক্তি পেয়েছে পিপ্পা ছবিটি। সেই ছবিতেই ব্যবহার করা হয়েছে এই গান। ছবির নির্মাতারাও গণরোষের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন। তবে নির্বিকার আল্লারাখা রহমান। গান-বিতর্কে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন তিনি।