
শেষ আপডেট: 30 April 2023 10:06
দ্য ওয়াল ব্যুরো: কলামন্দিরে গিয়েছিলেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে। স্টেজে উঠে যখন পুরস্কার গ্রহণ করছেন, তখন পাশে দাঁড়িয়ে দুই বাংলার নাটক ও সিনেমার (film) জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। অভিনেতার পাশে দাঁড়িয়ে পুরস্কার নেওয়ার সময় যেন আনন্দ বাঁধ ভেঙেছিল শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। তাই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে জানালেন নিজের মনের কথা।
অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে দাঁড়িয়ে শ্রীলেখা যখন পুরস্কার নিচ্ছেন, তখন অভিনেত্রীর বাঁ পাশেই দাঁড়িয়েছিলেন চঞ্চল। দর্শকাসন থেকে তোলা সেই মুহূর্তের ছবিই পরে পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এই ছবিটা… কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে প্লিজ কেউ কাস্ট করো, ছবিটা সম্ভবত রুদ্রনীল ঘোষের তোলা।'
শ্রীলেখার এই পোস্ট দেখে অনেকেই অভিনেত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একজন আবার লিখেছেন, 'একজন প্রযোজক পেলে আমি রাজি।' কেউ কেউ আবার দু'জনের একই রঙের পোশাক নিয়েও মন্তব্য করেছেন। লিখেছেন, 'আরে নিজেদের মধ্যে আলোচনা করে ড্রেস ঠিক করা হয়েছিল নাকি?' যদিও অভিনেত্রী সরাসরি জানিয়ে দেন যে, এমনটা নয়। যদিও চঞ্চল নিজে শ্রীলেখার সঙ্গে কাজ করতে চান কিনা, তা এখনও জানাননি।
সম্প্রতি চঞ্চল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পদাতিক' ছবির কাজ শেষ করেছেন। সেখানে তিনি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও ছবিটিকে মৃণালবাবুর বায়োপিক বলে মানছেন না পরিচালক সৃজিত। তাঁর দাবি, প্রয়াত পরিচালক মৃণাল সেনের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি।
অন্যদিকে, তথাগত মুখোপাধ্যায়ের 'পারিয়া' ছবির শ্যুটিং করছেন শ্রীলেখা। যে ছবির গল্প রাস্তার কুকুরদের নিয়ে। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে শ্রীলেখা মিত্র, অঙ্গনা রায়, অম্বরীশ ভট্টাচার্যরা অভিনয় করছেন। রবিবার শ্যুটিং সেট থেকে ছবিও পোস্ট করেছেন শ্রীলেখা।
শ্রীলেখা এবার ওপার বাংলায়, বাংলাদেশের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে