
শ্রীলেখা মিত্র
শেষ আপডেট: 9 October 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়া অসংখ্য মানুষের মধ্যে ছিলেন টলিউডের তারকারাও। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, পরমব্রত, সৃজিত মুখোপাধ্যায়, সোহিনী সহ আরও অনেকে পথে নেমে আন্দোলন করেছেন। কিন্তু এখন শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে মানুষের ঢল রাস্তায়। পাশাপাশি প্রতিবছরের মতোই পুজোর সিনেমা দেখতে ভিড় বাড়ছে হলগুলিতেও। এই বিষয় নিয়েই এবার কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এঁরা সকলেই। কিন্তু পুজো শুরু হতে না হতেই নিজেদের সিনেমা এবং তার প্রচার নিয়ে ব্যস্ত অনেকেই। এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন শ্রীলেখা। বরং তাঁর মনে হচ্ছে, এতদিন ধরে তাহলে একটা 'খেলা' চলছিল! সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি কারও নাম না নিলেও এই সময়ে যাঁদের সিনেমা মুক্তি পেয়েছে তাঁদেরকেই তিনি নিশানা করেছেন বলেই স্পষ্ট।
ফেসবুক পোস্টে শ্রীলেখা লিখেছেন, ''সুবিধাবাদী বলেছিলাম, মিলে গেছে তো? পোতিবাদ পোতিবাদ খেলা শেষ এবার সিনেমা দেখতে যেতে বলার ন্যাকামি। ব্যক্তিপুজো বন্ধ করুন এবার।'' প্রসঙ্গত, পুজোয় মুক্তি পেয়েছে স্বস্তিকা-দেব অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'টেক্কা', নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এবং আবীর-কৌশানি অভিনীত 'বহুরুপী'। যারা যারা সিনেমার সঙ্গে যুক্ত তাঁরা সকলেই আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন। এখন তাঁরা সকলেই নিজেদের সিনেমার প্রচার করছেন।
শ্রীলেখার পোস্ট দেখে অধিকাংশেরই অনুমান এই সকল অভিনেতা-পরিচালকদেরই তিনি আক্রমণ করেছেন। তাঁর সাফ বক্তব্য, আরজি করের প্রতিবাদে সামিল হয়ে আখেরে তাঁরা নিজেদের সিনেমারই প্রচার করে গেছেন। আর এখন পুজো আসতেই সকলকে সিনেমা দেখতে যেতে বলছেন।