
শেষ আপডেট: 21 December 2020 07:34
অনেকরই ধারণা অভিনেত্রী মানেই ম্যানিকিওর করা হাত। তাই তাঁরা আর যাই হোক ঘরের কাজ করেন না। কিন্তু দেখে নিন শ্রীলেখা মিত্রকে। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁর জীবনযাপন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে নিজেই জানালেন, "যেরকম তোমরা ভাবো, আমি তেমন নই গো।"
আস্তে আস্তে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে বহু মানুষের। তাঁর কাজ দেখলেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের থেকে তিনি অনেক বেশি মানবিক। তার নিদর্শন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেছেন সকলে। শরীর খারাপ নিয়েই কুকুরছানাদের জন্য রান্না করছেন তিনি। যে সে আইটেম না। মাংস, ভাত, ডাল, কুমড়ো। শুধু রান্না না, ভারি বাসন, প্রেসার কুকার, রান্নাঘরের সবটাই তাঁকেই পরিষ্কার করতে হচ্ছে। একেবারে নিজের সন্তানের মতোই ছানাদের যত্ন নিচ্ছেন শ্রীলেখা।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইদানীং ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। মাঝে মাঝেই রোজকার জীবনের দু একটা ছবি পোস্ট করে মজা করেন সকলের সঙ্গে। তবে সোশ্যাল মিডিয়াকে একইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছেন অনেকে। কারণ এর দৌলতেই মানবিক শ্রীলেখা মিত্রকে চিনছেন সকলে। কুকুরদের প্রতি তাঁর ভালবাসা, রক্তদান শিবির সবেতেই নিজে থেকে এগিয়ে আসেন তিনি। এসব দেখেই, বলাই বাহুল্য, অভিনেত্রীকে ভালবেসে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার মানুষজন।