
শেষ আপডেট: 16 May 2022 16:36
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) ছবি। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'য় অভিনয়ের জন্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শ্রীলেখা। কিন্তু নিউ ইয়র্ক কাঁপানো এই ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠাঁই পায়নি। যা নিয়ে এদিন কটাক্ষ করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: তুখোড় অভিনয়, গানেও দুরন্ত! বিনোদনের দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন এই সাঁওতালি কন্যে
শ্রীলেখা (Sreelekha Mitra) ফেসবুকে লিখেছেন, দাসত্ব এখনও রক্তে। বিদেশে স্বীকৃতি পেলে তবেই কলকাতায় গ্রহণযোগ্যতা পায়, তাই সই।
এরপর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হ্যাশট্যাগ ব্যবহার করে শ্রীলেখা (Sreelekha Mitra) লিখেছেন #kiff2022 তোমরা এই ছবিটাকে বেছে নাওনি।
শ্রীলেখা মিত্র এর আগেও আক্ষেপ করেছেন ইন্ড্রাস্ট্রিতে যোগ্য মর্যাদা তাঁকে দেওয়া হয়নি। তাঁর প্রতিভা স্বীকৃতি পায়নি। তিনি প্রাইজ নিতে মঞ্চে উঠলে নায়িকারা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন বলেও জানিয়েছিলেন শ্রীলেখা। এসব ব্যাপারে বরাবরই ঠোঁটকাটা তিনি। রাখঢাক না করেই যা বলার পষ্টাপষ্টি বলেন। কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্দেশেও বাঁকা উক্তি করতে তাই ছাড়লেন না শ্রীলেখা।
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নির্বাচিত হওয়ার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন টলি অভিনেত্রী। এই বিদেশি অ্যাওয়ার্ড ছবিটির কদর বাড়িয়ে দিয়েছে। স্বাধীনতার এত বছর পরেও বিদেশের স্বীকৃতি দিয়েই যে শিল্পকে মাপা হচ্ছে সেই অপ্রিয় সত্যিটা তুলে ধরলেন শ্রীলেখা।