'আহা চোখ, মন জুড়িয়ে গেল!’ অভিষেকের ছবি নিয়ে বিদ্রুপ শ্রীলেখার
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটা। একটা লং শট। একটা জুম করা। একটি টোটোর পিছনে লাগানো ফ্লেক্স। তাতে বিরাট করে যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। নীচে ছোট হরফে লেখা, “স্বামী বিবেকান
শেষ আপডেট: 13 January 2021 09:47
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটা। একটা লং শট। একটা জুম করা। একটি টোটোর পিছনে লাগানো ফ্লেক্স। তাতে বিরাট করে যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। নীচে ছোট হরফে লেখা, “স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্ম দিবস উদযাপন।” তারও নীচে তৃণমূল যুব কংগ্রেস দার্জিলিং জেলা কমিটির নাম। (এ ছবির সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।)
তবে দেখা গেল ওই ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, “আহা… চোখ, মন, আর যা যা আছে সব জুড়িয়ে গেল দেখে।” অভিনেত্রী এও জানিয়েছেন, এই ছবি তিনি পেয়েছেন চিত্র পরিচালক সারণ দত্তর ফেসবুক ওয়াল থেকে।

বলার অপেক্ষা রাখে না, শ্রীলেখা বিদ্রুপ করতে চেয়েছেন। কারণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এ নিয়ে মিম ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, “ও মা বিবেকানন্দকে কেমন বদলে গেছে দেখতে!” কেউ আবার লিখেছেন, “ভাইপো থেকে বিবেকানন্দ হওয়ার শখ হয়েছে গো!”
এর আগেও এমন ছবি বিতর্ক হয়েছে। বরানগরে একবার দেখা গিয়েছিল ২৩ জানুয়ারি এক নেত্রীর বিরাট কাটআউটের নীচে নেতাজির ছবি। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।
এমনিতে শ্রীলেখা বরাবরই এসব বিষয়ে চৌখস। ইদানীং তাঁর বাম-ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো করে বেড়েছে। বিরাটি, যাদবপুর, এখানে, সেখানে সিপিএমের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে। অন্যদিকে যে সারণ দত্তর দেওয়াল থেকে তিনি ছবিটি সংগ্রহ করেছেন তিনিও সিপিএমের অত্যন্ত ঘনিষ্ঠ।
অনেকের মতে, ইদানীং কালের রাজনীতিতে মণীষীর ছবির সঙ্গে নিজের ছবি বা নেতার ছবি মিশিয়ে পোস্ট করার যে বাতিক দেখা যাচ্ছে তা আগে একেবারেই ছিল না। কোথাও গিয়ে যেন ণত্ব-ষত্ব জ্ঞান হারিয়ে ফেলছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন, যাঁদের ছবি ছাপা হচ্ছে তাঁরা হয়তো এসব চান না। নিচুতলার কর্মীরাই অত্যুৎসাহে এসব করে নেতানেত্রীদের বিড়ম্বনা বাড়ান।