
শেষ আপডেট: 28 November 2023 08:48
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর আসতে না আসতেই ভরপুর বিয়ের সিজন শুরু হয়ে গেছে টলিপাড়ায়। সোমবার সন্ধেয় সই-সাবুদ করে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠানেই চার হাত এক হয়েছে পরম-পিয়ার। এবার খবর শোনা গেছে, বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন ‘মন্টু পাইলট’। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে পারেন টলিউডের আরও এক জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক।
টলিপাড়ার তারকা থেকে মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের দম ফেলার সময় নেই। কারন আজ এই তারকার বিয়ে তো কাল ঐ তারকার ছাদনা তলায় বসছেন। পরম-পিয়ার বিয়ের খবর শেষ হতেই নতুন খবর হল মন্টু পাইলট থুড়ি সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়ে। শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বরই নাকি বিয়ে করবেন সৌরভ-দর্শনা। এমনিতেই দুজনে চরম ব্যস্ত নিজেদের শ্যুটিং নিয়ে , তবে এর মধ্যেই সব প্ল্যানিং প্রায় সারা হয়ে গিয়েছে।
সৌরভ-দর্শনার প্রেম বহুদিন ধরেই চর্চায়। যদিও সম্পর্ক নিয়ে বরাবরই খুবই সাবধানী মন্টু পাইলট। খোলাখুলি কখনওই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তবে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে বেশিরভাগ সময়েই একসঙ্গে দেখা গেছে যুগলকে। বিয়ে নিয়ে অবশ্য এখনও তেমনভাবে কিছু বলেননি সৌরভ। জানিয়েছে, তিনি এখন কাজ নিয়েই বেশি ব্যস্ত।
বিয়ে নিয়ে যতই তাঁরা মুখে কুলুপ এঁটে রাখুন না কেন টলিউডের অন্দরে কান পাতলেই বহুদিন ধরে শোনা যাচ্ছিল যে তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। তবে সবার সামনে তাঁরা একে অন্যকে ভাল বন্ধু বলেই পরিচয় দিয়েছেন।
ওটিটি প্ল্যাটফর্মের এখন বেশ পরিচিত মুখ সৌরভ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েবসিরিজ ‘অন্তরমহল’। অন্যদিকে শ্যুটিং নিয়ে ব্যস্ত দর্শনাও। টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণী ছবিও করছেন তিনি। শোনা যাচ্ছিল, তাঁরা নাকি একসঙ্গে কোনও সিরিজে অভিনয়ও করবেন। তবে ,সামনেই বিয়ে। দুজনেই এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।