
শেষ আপডেট: 6 September 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে খেলোয়াড়দের জীবন নিয়ে তৈরি বায়োপিক বা জীবনীচিত্রর ট্রেন্ড চলছে বিগত বেশ কিছু বছর ধরেই। ইতিমধ্যেই ধোনি থেকে কপিলদেব একাধিক ক্রিকেট তারকার খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত লড়াই উঠে এসেছে পর্দায়। রূপোলি পর্দায় নিজের জীবনী দেখতে আগ্রহী সৌরভ গাঙ্গুলীও (Sourav Ganguly biopic)। অবশেষে সৌরভের জীবনী অবলম্বনে ছবির শ্যুটিং শুরু হতে চলেছে চলতি বছরের শেষে।
জানা গেছে, ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। এর আগে মে মাসের শেষের দিকে প্রযোজক অঙ্কুর গর্গ এবং পরিচালক লাভ রঞ্জন এই ছবি নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন সৌরভের বেহালার বাড়িতে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই ছবির জন্য আয়ুষ্মান খুরানাকে যেতে হবে কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। এই মুহূর্তে লন্ডনে সানার কাছে রয়েছেন সৌরভ। তবে দ্য ওয়াল-কে ফোনে মহারাজের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস জানান, 'রণবীর কাপুর বা হৃত্বিক রোশন প্রাথমিক পছন্দ হলেও এই অভিনেতাদের ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল, সেই কারণেই শেষ পর্যন্ত আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khurana) চূড়ান্ত করা হয়। আয়ুষ্মানের ব্যক্তিগত ক্যারিশমার কথা মাথায় রেখেই সৌরভও আয়ুষ্মান খুরানাকে তাঁর চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন।'
সঞ্জয় দাসের বক্তব্য অনুযায়ী ছবির বেশিরভাগ অংশই শ্যুটিং হবে লন্ডনে। এছাড়াও লর্ডসের মাঠ, নাগপুরেও শ্যুটিং চলবে। প্রসঙ্গত, নাগপুরে সৌরভ খেলেছিলেন জীবনের শেষ টেস্ট ম্যাচ। সেই কারণেই নাগপুরকে রাখা হয়েছে শ্যুটিং স্পটের তালিকায়। এছাড়া, সৌরভের বেহালা চৌরাস্তার বাড়ি, মা চণ্ডী ভবন, জেমস লঙ সরণির মাঠ সহ কলকাতার একাধিক জায়গায় যেখানে ছোটবেলা কাটিয়েছেন সৌরভ সেই সমস্ত জায়গাতেই শ্যুটিং চলবে। বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শ্যুটিং। সম্ভবত, আগামী বছরেই মুক্তি পাবে সৌরভ গাঙ্গুলীর বহু প্রতীক্ষিত বায়োপিক, বক্স অফিসে তা ধোনি বা আজাহারের জীবনীচিত্রকে টেক্কা দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
প্রযোজকরা গেলেন সৌরভের বাড়িতে, মহারাজের বায়োপিকের শ্যুটিং শুরু কবে