
সৌমিতৃষা কুণ্ডু
শেষ আপডেট: 28 February 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সিনেমাতেও অভিনয় করেছেন। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এ হেন সৌমিতৃষা যে কৃষ্ণভক্ত সে কথা অজানা নেই কারও। তবে শুধু স্বধর্মই নয়, সব ধর্মের প্রতিই সম্মান দেখাতে কোনওদিন ভোলেন না তিনি। এবার সেই ঝলকই মিলল তাঁর এক মন্তব্যে।
শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় তাঁকে। ওই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তাঁর এক মুসলিম ভক্ত লেখেন, "যদিও আমি একজন মুসলিম। তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভাল লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভাল ও সুস্থ রাখেন।"
" />উত্তরে সৌমিতৃষা লেখেন, "আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।" সৌমিতৃষার মন্তব্য মন জিতেছে সকলের। বাংলাদেশেও তাঁর ভক্তসংখ্যা কম নয়। ওই দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। তাঁর ওই ভক্তটিও সে দেশেরই বাসিন্দা। সব ধর্মের প্রতি অভিনেত্রী যে সমান শ্রদ্ধাশীল, সে প্রমাণই মিলেছে এই বক্তব্যে।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমিতৃষা কুন্ডুর ছবি '১০ই জুন'। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সৌরভ দাস। যদিও এই ছবির প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিতৃষা। এই মুহূর্তে কালরাত্রি ২-র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।