.jpg)
কেন এমনটা করলেন সোনু কক্কর?
শেষ আপডেট: 13 April 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় হচ্ছেটা কী? কিছু দিন আগেই গায়ক অমল মালিক এক বিবৃতির মধ্যে দিয়ে বাবা-মা ও ভাও আরমান মালিকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিলেন। ফের একই ঘটনা পুনরাবৃত্তি। এ ক্ষেত্রেও এক বিবৃতির মধ্যে দিয়ে আদরের বোন নেহা কক্কর ও ভাই টনি কক্করের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিলেন গায়িকা সোনু কক্কর! এক্স, ইনস্টা সহ একাধিক সামাজিক মাধ্যমে সোনু লেখেন, "খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে আমি দুই গুণী গায়ক নেহা কক্কর ও টনি কক্করের দিদি নই। বড় ব্যথার জায়গা থেকে এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মনটা আমার ভেঙে যাচ্ছে!"
যদিও সম্পর্ক ছিন্ন করার কারণ জানাননি সোনু। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বলিউডে নিজেদের পরিচিতি বানিয়েছেন কক্কর ভাই-বোনেরা। তাঁদের বন্ডিংও ছিল দেখার মতো। সোনু সকলের চেয়ে বড়, এরপর টনি, সবচেয়ে ছোট নেহা। এতদিন সোনুই সকলকে আগলে রাখতেন। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিন জনেই একসঙ্গে হাজির থাকতেন। তাঁদের সম্পর্কও যে ভাঙতে পারে এমনটা ভাবতেই পারছেন না ভক্তরা। অনেকে আবার বলছেন, এ বোধহয় পাব্লিসিটি স্টান্ট।
তাঁরা মনে করিয়ে দিচ্ছেন বছর কয়েক আগের কথা। তখন সদ্য বিয়ে হয়েছেন নেহার। বিয়ের মাস কয়েকের মধ্যেই বড়সড় বেবিবাম্প নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন নেহা। সবাই ভেবেছিল তিনি বুঝি মা হচ্ছেন। অনেকে তো এও ভেবে ফেলেন, মা হওয়ার কারণেই সাত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছেন নেহা! যদিও দিন কয়েক পরে জানা যায়, এ সব আদপে কিছুই নয়। এক মিউজিক ভিডিওর প্রচারের কারণেই মিথ্যে বেবিবাম্পের আশ্রয় নিয়েছিলেন নেহা। এবারেও অনেকেরই ধারণা, এরকমই হয়তো কিছু একটা ঘটাতে চলেছেন তাঁরা, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নেহা। মুখ খোলেননি টনি কক্করও। উল্লেখ্য পোস্ট করার কিছুক্ষণের মধ্যে তা মুছেও দেন সোনু। কিন্তু স্ক্রিনশট তো তার আগেই ভাইরাল।