
শেষ আপডেট: 1 January 2021 09:17
সক্কাল সক্কাল ভালবাসার পোস্ট কি সহজে এড়িয়ে যাওয়া যায়! সেই কারণেই সোনমের নতুন বছরের পোস্ট থেকে চোখ সরছে না কারও। সোনম আসলে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই পোস্টটি করেছেন। এখন লন্ডনের নটিং হিলের ফ্ল্যাটে দু'জনে নিভৃতে সময় কাটাচ্ছেন। বহুদিন হল সোনম সেখানেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে রয়েছেন। করোনা আবহে একেবারেই গৃহবন্দি। শীতের সকালে তাঁদের আদরের ছবি দেখে প্রেমের ইচ্ছে যেন দ্বিগুণ বেড়ে গেছে অনেকের।
চলতি বছরে বলিউডের নেপটিজম প্রসঙ্গে কথা উঠলেই, বহু মানুষ সোনমের দিকেও আঙ্গুল তুলেছিলেন। অনেকের মতে অনিল কাপুরের মেয়ে বলেই তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন বলিউডে। এমনকি সেই সময় সোনম কোনও পোস্ট করলেই কুৎসিত মন্তব্য, আর নিন্দায় ভরিয়ে দিতেন বহু মানুষ। সোনম কিন্তু এক মুহূর্ত চুপ করে থাকেননি। যোগ্য জবাব দিয়েই বলেছিলেন, "আমি গর্ববোধ করি অনিল কাপুরের মেয়ে হিসেবে। হ্যাঁ, আমি তাঁর জন্যেই সিনেমা জগতে পা রেখেছি।" নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবার সেই সব মানুষদের বিঁধেই পোস্ট করলেন সোনম।
আদরের ছবি হলেও ক্যাপশন একেবারে অন্য কথা বলছে। সোনম লিখেছেন,"২০২১ এর জন্য প্রস্তুত আমি। আমার ভালবাসার মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, কাজ করে, ঘুরতে গিয়ে, মন ভাল রাখার কথা ভাববো শুধু। জীবনের সবচেয়ে সুন্দর, আর মনে রাখার মতো সময় কাটাতে চাই এবছরে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ পরিশ্রম করব। আর একেবারেই পিছনে ফিরে তাকাব না।" সোনমের পোস্টের ইঙ্গিত কেউ কেউ বুঝতে পারলেও তেমন মন্তব্য নতুন বছরের শুরুতে কেউই করেননি। বরং ভালবাসায় আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা।