
শেষ আপডেট: 4 January 2021 09:08
সোনমের নতুন ছবি 'ব্লাইন্ড'। সেখানে অন্ধের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। গ্ল্যাসগোতেই হচ্ছে শ্যুটিং। কাজে ব্যস্ত থাকলে, অভিনেতাদের মন তো ভাল থাকারই কথা। ইনস্টাগ্রামে তেমনই এক হাসিখুশি ছবি পোস্ট করেছেন সোনম। মেকআপ নেওয়ার সময় টিম মেম্বারদের সঙ্গে সেলফি পোস্ট করেছেন তিনি।
একদিন আগেই আরও একটি ছবি পোস্ট করেছিলেন সোনম। ৩০ মিলিয়নের বেশি ফলোয়ারের সঙ্গে নতুন সিনেমায় তাঁর সর্বক্ষণের সঙ্গীর আলাপ করিয়ে দিয়েছেন তিনি। সঙ্গী কোনও নায়ক নন। তাঁর পোষ্য একটি কুকুর। সোনমের কোলে মাথা রেখে শুয়ে আছে সে। আর সোনমও জড়িয়ে ধরে আছে ওকে। এমনই আদুরে এক ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। "'এলসা' সিনেমায় আমার সঙ্গী। 'জিয়া'কে সে ভীষণ ভালবাসে। আর 'জিয়া'ও ওকে ছাড়া থাকতে পারে না।", লিখেছিলেন সোনম।
২০১১ সালের একটি কোরিয়ান অ্যাকশন থ্রিলারের রিমেক হচ্ছে 'ব্লাইন্ড'। এক দুর্ঘটনার পর দৃষ্টি হারিয়ে ফেলেন একটি মেয়ে। কীভাবে পুলিশকে সে তদন্ত করতে সাহায্য করবে, এই নিয়েই পুরো সিনেমা। সোনম ছাড়াও থাকবেন অভিনেতা পূরব কোহলি এবং বিনয় পাঠক। পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে সোম মাখিজার।
এর আগে বলিউডের রানি মুখোপাধ্যায়কেও অন্ধের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। 'ব্ল্যাক'য়ে অন্ধ প্রতিবন্ধীর ভূমিকায় রানির অভিনয় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা দুনিয়ায়। এবারেও প্রতিবন্ধীর ভূমিকায় সোনমের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।