
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 18 December 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: শত্রুঘ্ন সিনহার অপমান করেছেন অভিনেতা মুকেশ খান্না, এমনটাই দাবি মেয়ে সোনাক্ষী সিনহার। ফলে কড়া জবাব দিলেন অভিনেত্রী। ক্যামেরার সামনে সচরাচর তাঁকে রাগতে বা মেজাজ হারাতে দেখা যায়নি। সব সময় হাসিমুখেই দেখা গিয়েছে। কিন্তু আর নিজের ধৈর্য ঠিক রাখতে পারলেন না অভিনেত্রী। শুধু মেয়ে নন, বাবা হয়ে শত্রুঘ্নও সপাটে জবাব দিয়েছেন। এর কারণ কী? কী এমন বলেছেন মুকেশ?
অভিনেতা মুকেশ খন্না প্রকাশ্যে সমালোচনা করেছেন শত্রুঘ্ন এবং সোনাক্ষীর। ‘কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে গিয়েছিলেন নায়িকা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এসেছিলেন রামায়ণে? এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি সোনাক্ষী। এটার পরেই এক সাক্ষাত্কারে মুকেশ সমালোচনা করেন শত্রুঘ্নর শিক্ষা দেওয়া নিয়ে। তারপরেই মুখ খোলেন নায়িকা। বাবাকে করা এই অপমান মেনে নিতে পারেননি তিনি।
সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়ে লেখেন, 'প্রিয়, মুকেশ খান্নাজি… আমি সম্প্রতি আপনার একটি সাক্ষাৎকার পড়েছি যেখানে বলা হয়েছে যে, এটি আমার বাবার দোষ, আমি বহু, বহু বছর আগে একটি অনুষ্ঠানে রামায়ণ সম্পর্কে জিজ্ঞাসা করা একটি প্রশ্নের সঠিক উত্তর দিইনি। তাহলে আপনাকে আমি মনে করিয়ে দিই, যে সেদিন হট সিটে দু’জন মহিলা ছিলেন যারা একই প্রশ্নের উত্তর জানতেন না।'
নায়িকা আরও বলেন, 'আমি এটাই বুঝতে পারছি না, তবে আপনি আমার নাম এবং কেবল আমার নামই কেন নিলেন। হয়তো পরিস্থিতির চাপে উত্তরটা ভুলে গিয়েছিলাম। কিন্তু মুকেশ খান্না নিজেও ভুলে গিয়েছেন স্বয়ং রামের দেওয়া শিক্ষা। তিনি মন্থরা, কৈকেয়ী এমনকি রাবণকেও ক্ষমা করেছিলেন যুদ্ধের পর। তবে মুকেশের ক্ষমা আমার চাই না।'
শুধুই সোনাক্ষী নন, মেয়েকে নিয়ে এভাবে বলায় চুপ করে থাকেননি শত্রুঘ্নও। তিনি নাম না করেই বলেন, 'রামায়ণ প্রসঙ্গে সোনাক্ষীর একটি প্রশ্নের উত্তর দিতে না পারা কারও সমস্যা রয়েছে, এমনটা আমি শুনছি। প্রথম কথা হল, কে এই ব্যক্তিকে রামায়ণ বিশেষজ্ঞ বানিয়েছে? আর পরের প্রশ্ন হল হিন্দু ধর্মের রক্ষক কে বানিয়েছে ওঁকে? আমি আমার তিন সন্তানকে নিয়ে খুব গর্বিত। তাঁরা নিজে নিজের কেরিয়ার গড়েছে।'