বেবি বাম্প ফটোশুট থেকে শুরু করে সাধভক্ষণ—সবকিছুই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। প্রত্যেকটি পোস্টে ছিল মাতৃত্বের রঙিন ছোঁয়া।

শেষ আপডেট: 25 August 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ঝলমলে নাম সোহিনী গঙ্গোপাধ্যায়। অন্তঃসত্ত্বাকালীন প্রতিটি মুহূর্ত তিনি উদযাপন করেছিলেন হাসিমুখে। বেবি বাম্প ফটোশুট থেকে শুরু করে সাধভক্ষণ—সবকিছুই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। প্রত্যেকটি পোস্টে ছিল মাতৃত্বের রঙিন ছোঁয়া।
কিন্তু সেই আনন্দই ম্লান হয়ে গেল হঠাৎই। ডেলিভারির সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নবজাতক সন্তানকে কোলে নেওয়ার আগেই শূন্য হয়ে গেল সোহিনীর কোল। মারা গিয়েছে তাঁর সন্তান। শ্বাসনালীতে কর্ড জড়িয়ে থাকার কারণেই এই বিপত্তি বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক মহিলা নিজেকে সোহিনীর ননদ পরিচয় দিয়ে জানিয়েছেন চিকিৎসকের গাফিলতির কারণেই অকালে চলে গিয়েছে সোহিনী ও তাঁর ভাইয়ের সদ্যোজাত পুত্র। মানসিক ভাবেও ভেঙে পড়েছেন সোহিনী।
এক সময় সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবিতে মাতৃত্বের আনন্দ ছড়িয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্মৃতিই বুকে ব্যথার মতো বাজছে। অনুরাগীদের শুধু একটাই প্রার্থনা করছেন—শক্তি যেন খুঁজে পান সোহিনী, শূন্যতার মাঝে দাঁড়িয়ে জীবনকে আবারও নতুন করে আঁকড়ে ধরার সাহস যেন জোগাতে পারেন তিনি।