দ্য ওয়াল ব্যুরো: জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গেই শুরু হল তাঁর এই নতুন পথচলা। তথাকথিত সেলেব্রিটিদের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে কিন্তু সারলেন না গায়িকা। এই প্রথম বাংলার এক নামকরা সেলেব্রিটি বিয়ের আসর থেকে ফেসবুক লাইভ করলেন। বলাই বাহুল্য, ফেসবুক লাইভেই উপচে পড়ছে শুভেচ্ছা, ভালবাসা।

সন্ধে থেকেই ইমনের হাজার হাজার ফলোয়ার্স হন্যে হয়ে খুঁজছিলেন তাঁর বিয়ের সাজের ছবি। কেমন ভাবে সাজবেন প্রিয় গায়িকা, সেটা দেখার জন্যেই মূলত আকুল হয়ে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। কে জানত, সন্ধেতেই এমন চমক অপেক্ষা করছে! সম্পর্কের শুরু থেকেই এক এক ভাবে সকলকে চমক দিচ্ছেন তাঁরা। আসলে ইমন, নীলাঞ্জন দু'জনেই গানের জগতের মানুষ। সুর, তাল, ছন্দে দু'জনের আগামী জীবন যে মেতে উঠবে তা কিছুটা আন্দাজ করতে পারছেন অনেকেই।

লাল টুকটুকে বেনারসিতে সাবেকি সাজ ইমনের। অন্যদিকে চিরন্তন সাজে দেখা গেল নীলাঞ্জনকেও। তবে লজ্জায় কিন্তু মুখ লাল হয়নি তাঁর। একেবারে তিনি একেবারেই ক্যাজুয়াল, স্মার্ট। মঞ্চে যেমনটা ইমন থাকেন, তেমনই বিয়ের আসরেও ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। তবে অগ্নিসাক্ষী করে বিয়ে নয়, শুধু সাতপাকে ঘুরে, সিঁদুর দানেই নতুন অধ্যায় শুরু করলেন 'মিসেস নীলাঞ্জন ঘোষ'।

সকাল থেকেই বিয়েবাড়ির তোড়জোড়ের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গতকাল রাতের মেহেন্দি পড়ার অনুষ্ঠানের ছবি নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে সকালে গায়ে হলুদের ছবিও নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। চোখ ধাঁধানো সাজের ছবি থেকে যেন চোখই সরছিল না কারও। বিয়ের আগেই পাহাড়ে ছুটি কাটিয়ে এসেছেন নবদম্পতি। এবারে বিয়ের পর কোথায় যাবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।