সাতের দশকের সিনেমার যুগে বেশ কিছুকাল বম্বেতে (তৎকালীন) সুপ্রসিদ্ধ অভিনেত্রী ছিলেন সুলক্ষ্মণা পণ্ডিত।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুলক্ষ্মণা পণ্ডিতের শ্বাসকষ্ট হতে শুরু করে।
শেষ আপডেট: 7 November 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ অভিনেত্রী ও নেপথ্য সঙ্গীতশিল্পী সুলক্ষ্মণা পণ্ডিতের জীবনাবসান হয়েছে। সাতের দশকের সিনেমার যুগে বেশ কিছুকাল বম্বেতে (তৎকালীন) সুপ্রসিদ্ধ অভিনেত্রী ছিলেন সুলক্ষ্মণা পণ্ডিত। ‘উলঝন’ এবং ‘চেহেরে পে চেহারা’ ছবিতে তাঁর অভিনয় দর্শক অনেক দিন মনে রেখেছিল। সুলক্ষ্মণা পণ্ডিতের বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
তাঁর ভাই ললিত পণ্ডিত জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুলক্ষ্মণা পণ্ডিতের শ্বাসকষ্ট হতে শুরু করে। আমরা তাঁকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু হাসপাতালে পৌঁছনার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্ধ্যা ৭টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফিল্ম জগতে সুলক্ষ্মণা পণ্ডিত পা রাখেন ১৯৭৫ সালে। ছবির নাম উলঝন। তাঁর বিপরীতে ছিলেন স্বনামধন্য অভিনেতা সঞ্জীব কুমার। এরপর বেশ কয়েক বছর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সুগায়িকা হিসেবে নিজের অভিনীত ছবির গান নিজেই গাইতেন। সুলক্ষ্মণা পণ্ডিত কাজ করেছেন রাজেশ খান্না, শশী কাপুর, জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা এবং বিনোদ খান্নার সঙ্গেও। এছাড়াও তিনি সঙ্কোচ, হেরা ফেরি, খানদান, ধরমকাঁটা, দো ওয়াক্ত কি রোটি, গোরা ইত্যাদি সিনেমায় কাজ করেছেন।
১৯৭৮ সালে ‘বন্দি’ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন উত্তম কুমার। দ্বিভাষিক এই ছবিটি পরিচালনা করেছিলেন আলো সরকার। সঙ্গীতকার ছিলেন শ্যামল মিত্র। কিশোর কুমার, আশা ভোঁসলে ছাড়াও শ্যামল-সুলক্ষ্মণা পণ্ডিতের একটি ডুয়েট রয়েছে সিনেমাটিতে। এই ছবিটি দুটি ভাষাতেই সুপার়ডুপার হিট হয়েছিল।
প্লে ব্যাক সিঙ্গার হিসাবেও সুলক্ষ্মণা পণ্ডিত বেশ সুনাম কুড়িয়েছিলেন। হিন্দি, বাংলা, মারাঠি, ওড়িয়া এবং গুজরাতি ভাষায় গান গেয়েছেন। হরিয়ানার হিসারের মেয়ে সুলক্ষ্মণা পণ্ডিতের পরিবারই গানের জগতের। পণ্ডিত যশরাজ তাঁর ঘনিষ্ঠ আত্মীয়। ৯ বছর বয়স থেকে তিনি গান গাইছেন। আরেক অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত তাঁর ছোট বোন। তাঁর দুই ভাই মুম্বইয়ের একসময়ের বিখ্যাত সুরকার যতীন-ললিত। সুলক্ষ্মণা পণ্ডিতের জন্ম অধুনা ছত্তীসগড়ের রায়গড়ে, ১২ জুলাই, ১৯৫৪ সালে।