
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 March 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: সলমন খান এখন গোটা দেশের চর্চার কেন্দ্রে। ‘সিকান্দার’ হয়ে বড় পর্দায় ফিরছেন তিনি, আর সঙ্গে থাকছেন রশ্মিকা মান্দান্না। ৫৯ বছরের সলমনের সঙ্গে ২৮ বছরের রশ্মিকার রোম্যান্স নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে নেটপাড়ায় চলছে ট্রোলের ঝড়।
এই বিতর্কের মাঝেই এক ফ্রেমে ধরা দিলেন সলমন, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন সলমন।
আমিরের সামনেই রশ্মিকার প্রশংসা করলেন সলমন
রশ্মিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সলমন। আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রশ্মিকা আমাকে আমার কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনের মধ্যে চলে ও ভীষণই পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ, দারুণ…।’
সেটের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভাইজান আরও বলেন, ‘আমরা হায়দরাবাদে শুটিং করছিলাম। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ চলেছিল। এই ব্যস্ততার মাঝেও ও “পুষ্পা ২”-এর শুটিংও সামলাচ্ছিল। “পুষ্পা”র কাজ শেষ করেই আমাদের সেটে ফিরে আসত। বিশ্রামের সময়টুকুও ও এক লোকেশন থেকে আরেকটিতে যাওয়ার জন্য ব্যয় করত। ওকে দেখে আমার কেরিয়ারের প্রথম দিকের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল।’ এরপর আমিরের দিকে তাকিয়ে সলমন বলেন, ‘আমরাও তো একসময় এমনই ছিলাম, ডাবল শিফটে কাজ করতাম।’
বয়সের পার্থক্য নিয়ে ট্রোলিং! কী বললেন সলমন?
‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সলমনকে তাঁর ও রশ্মিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’
সলমনের এই উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সিনেমা মুক্তির আগেই ‘সিকান্দর’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে, আর সলমনের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করল!