ফাইল ছবি
শেষ আপডেট: 24 January 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: দিনে দুপুরে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। চলে গুলির লড়াই। ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। কিন্তু মৃত্যুর পরেও তাঁর সৃষ্টি আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। কোটি কোটি ভক্তের হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। পাঞ্জাবে তাঁকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার বছর তিনেক কেটে গেলেও সিধুর গান এখনও সমানভাবে ইউটিউবে সমানভাবে জনপ্রিয়।
মৃত্যু হলেও পাঞ্জাবি গায়কের জীবনে ধ্যানজ্ঞান ছিল শুধুই গান। মাঝে কংগ্রেসের হাত ধরে পাঞ্জাব বিধানসভা ভোটে লড়লেও মুসেওয়ালার সৃষ্টি আজও মানুষকে আবেগতাড়িত করে। এমন অনেক সুর বা কথা তিনি লিখে গেলেও তাঁর অকাল প্রয়াণের কারণে তা এতদিন সামনে আসেনি। কিন্তু তাঁর মৃত্যুর পরেও গায়কের একের পর এক সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে।
বৃহস্পতিবারই ইউটিউবে নতুন একটি গান আপলোড করা হয়েছে। চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই ‘লক’ নামে সিধুর নতুন ভিডিওটি সমানভাবে জনপ্রিয়। ৮০ লাখের কাছাকাছি মানুষ গানটি ইতিমধ্যে শুনে নিয়েছেন। মৃত্যুর পরও এই নিয়ে সিধুর লেখা নবম গান সামনে এসেছে।
তিন মিনিটের গানটির সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সিধু নিজেই। কম্পোজ করেছে দ্য কিড। মৃত্যুর পর ‘এসওয়াইএল’ (SYL) থেকে শুরু করে ভার (Vaar) বা মেরা না, ওয়াচ আউট একের পর গান মুক্তি পেয়েছে। ইউটিউবে সে সব গানের ভিউয়ের সংখ্যা অনান্য আর পাঁচজন গায়ককে অনেকটাই পিছনের সারিতে ফেলে দিয়েছে।
শুভদীপ সিং সিধুর জন্ম হয় ১৯৯৩ সালে। ২০১৮ সালে ‘সো হাই’ গান দিয়ে সাফল্যের শুরু। এরপর ইস্সা জাট, সেলফমেড, ফেমাস, ওয়ার্নিং শটসের মতো একাধিক বিখ্যাত গান উপহার দিয়েছেন। ২০২১ সালে যোগ দেন কংগ্রেসে। ২০২২ সালে পঞ্জাবের ভোটেও লড়েন। আপ প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি।