
শ্রেয়স তালপাড়ে
শেষ আপডেট: 29 March 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে ও আরও ১৪ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা রেজিস্টার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ২৮ মার্চ দায়ের হওয়া এই মামলায় অভিযোগ করা হয়েছে, এক চিট ফান্ড স্কিমের মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সিনে মহলে তোলপাড় শুরু হয়। তবে এই বিষয়ে চুপ থাকেননি শ্রেয়স।
অভিযোগ সামনে আসার পরই শ্রেয়স তালপাড়ের টিম সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, "এটি সম্পূর্ণ মিথ্যা এবং কোনও সত্যতা নেই। একজন মানুষের কঠোর পরিশ্রমে অর্জিত সম্মান আজকাল ভুয়ো অভিযোগের মাধ্যমে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। শ্রেয়স তালপাড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে কোনও প্রমাণ নেই।"
View this post on Instagram
শ্রেয়সের টিম আরও জানিয়েছে, একজন পাবলিক ফিগার হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি, তবে এসব সংস্থার কার্যক্রমের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে, "শ্রেয়স তালপাড়ের প্রতারণা বা অবৈধ কার্যকলাপের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা সবাইকে অনুরোধ করছি, যাচাই না করে গুজবে বিশ্বাস করবেন না। তিনি একজন আইন মেনে চলা নাগরিক এবং সর্বদা সততার সঙ্গে চলেছেন।"
প্রসঙ্গত, লাইভ হিন্দুস্তান-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ‘দ্য লোনি আর্বান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সংস্থা পরিচালনা করছিল। এই সংস্থার এজেন্টরা গ্রামবাসীদের প্রলোভন দেখিয়েছিল যে তাদের বিনিয়োগ দ্রুত দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে অভিযোগ উঠছে, সংস্থার সমস্ত কর্মী পলাতক।