বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে বরেলির সিভিল লাইনসে রাতে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় কেউ আহত না হলেও গোল্ডি ব্রার গ্যাং দায়িত্ব স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় হুমকি বার্তা দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

দিশা পাটানি (ফাইল ছবি)
শেষ আপডেট: 13 September 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়ির সামনে মুহুর্মুহূ গুলি। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে বরেলির সিভিল লাইনসের ওই এলাকায় অভিনেত্রীর বাড়ির সামনে অন্তত সাত রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে দু’টি রাউন্ড শূন্যে ছোড়া হয়েছিল। তবে ঘটনায় কেউ আহত হননি। দিশার বাড়িতে হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের গোষ্ঠী।
পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে চারটা নাগাদ বাইকে করে দু’জন দুষ্কৃতী দিশা পাটানির বাড়ির সামনে আসে। আগে থেকেই রেকি সেরে রেখেছিল তারা। মুহূর্তের মধ্যে গুলি চালিয়ে দিল্লি–লখনউ হাইওয়ে ধরে পালিয়ে যায়। ৭–৮ মিনিটের মধ্যেই শহর ছেড়ে বেরিয়ে যায়। অভিনেত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে হাইওয়ে পর্যন্ত গোটা রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বাইরের লোকজনই এই হামলায় যুক্ত।
ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে লেখা একটি বার্তা ভাইরাল হয়। সেখানে সরাসরি দিশা ও তাঁর পরিবারের নাম করে হুমকি দেওয়া হয়েছে। বার্তায় লেখা হয়, 'খুশবু পাটানি/দিশা পাটানির বাড়িতে (ভিলা নং ৪০, সিভিল লাইনস, বরেলি) যে গুলি চলেছে, সেটা আমরাই করিয়েছি। উনি আমাদের গুরুজনদের (প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজ) অপমান করেছেন। আমাদের ধর্মকে হেয় করার চেষ্টা করেছেন। এটা শুধু ট্রেলার। ভবিষ্যতে কেউ যদি আমাদের ধর্ম বা গুরুজনদের অসম্মান করে, তবে ওদের ঘরে কেউ বেঁচে থাকবে না।'
হুমকি বার্তায় আরও বলা হয়, শুধু দিশা নয়, সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীদের উদ্দেশ্যেও এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বার্তায় লেখা হয়, 'যারা ভবিষ্যতে এমন কাজ করবে, তাদের জন্য এই বার্তা। আমাদের ধর্ম আর সমাজ রক্ষার জন্য আমরা যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত।'
প্রসঙ্গত, জুলাই মাসে দিশার ছোট বোন খুশবু পাটানি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি দেন, যাতে অনিরুদ্ধাচার্যজি-কে উদ্দেশ্য করে কিছু কটূ মন্তব্য ছিল। প্রথমে সেই মন্তব্য প্রেমানন্দ মহারাজকে উদ্দেশ্য করে লেখা হয়েছে বলে ভুল বোঝাবুঝি হয়। পরে খুশবু ভিডিও বার্তা দিয়ে স্পষ্ট করেন যে মন্তব্য কেবলমাত্র অনিরুদ্ধাচার্যজি-র জন্যই করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, হামলার তদন্ত চলছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার পেছনে থাকা গোষ্ঠী এবং বাইক আরোহী দুই দুষ্কৃতীর সন্ধান করছে বিশেষ তদন্তকারী দল।