
শেষ আপডেট: 16 August 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে মুম্বইয়ে নিজের বাড়িতে জাতীয় পতাকা তুলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। স্বামী ও দুই সন্তান-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে নিজের ইনস্টাগ্রামে সেই পতাকা উত্তোলনের ভিডিও পোস্ট করার পরেই নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েন শিল্পা। পতাকা তোলার সময় পায়ে জুতো পরে থাকায় কদর্য ভাষায় আক্রমণ করা হয় অভিনেত্রীকে। এরপরই তেরঙ্গা (Indian flag) উত্তোলনের নিয়ম-কানুন সম্পর্কিত একটি ছবি স্টোরিতে পোস্ট করে সমালোচকদের চুপ করিয়ে দিলেন শিল্পা।
যেখানে স্পষ্ট লেখা, জাতীয় পতাকা তোলার সময় জুতো খুলে রাখার কোনও নির্দেশিকা নেই। অর্থাৎ, সাধারণ জামাকাপড়ের মতোই জুতো পরেও পতাকা উত্তোলন করা যায়। স্টোরিতে সেই ছবি দিয়ে শিল্পা লেখেন, ‘ফ্যাক্ট’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি স্টিকারও জুড়ে দেন সেখানে। পরে অভিনেত্রী বলেছেন, ‘আমি জাতীয় পতাকা উত্তোলনের সমস্ত নিয়ম-কানুন জানি এবং সে সম্পর্কে সচেতনও।’

উল্লেখ্য, বহুবছর ধরেই রুপোলি পর্দায় আর সেভাবে দেখা যায় না শিল্পা শেট্টিকে। বদলে তিনি শরীর নিয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন অনুরাগীদের। নিজের একটি চ্যানেল খুলে সেখানে শরীর সুস্থ রাখার জন্য যোগব্যায়ামও শেখান। যা বেশ জনপ্রিয়। আর এর মাঝেই টুকটাক কিছু কাজে দেখা যায় তাঁকে। যেমন কিছুদিন পরেই রোহিত শেট্টির প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে। সেই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। সূত্রের খবর, সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অভিনেত্রী।